
|| অপু দাস | জেলা প্রতিনিধি (রাজশাহী) ||
রাজশাহীতে নবাগত জেলা প্রশাসক কাজী শহিদুল ইসলামের সঙ্গে জেলার বিভিন্ন প্রিন্ট, ইলেকট্রনিক ও অনলাইন গণমাধ্যমে কর্মরত সাংবাদিকদের অংশগ্রহণে এক বিস্তৃত মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় জেলার উন্নয়ন কার্যক্রম ত্বরান্বিত করা, জনসেবার মান বৃদ্ধি এবং প্রশাসন ও গণমাধ্যমের মধ্যে কার্যকর সমন্বয় গড়ে তোলার বিষয়ে গুরুত্ব দেওয়া হয়।
রবিবার (৫ এপ্রিল) দুপুরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আয়োজিত এই সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক কাজী শহিদুল ইসলাম। সভায় রাজশাহীতে কর্মরত বিভিন্ন গণমাধ্যমের প্রতিনিধিরা উপস্থিত থেকে জেলার সার্বিক পরিস্থিতি, নাগরিক সমস্যা, উন্নয়ন সম্ভাবনা এবং সেবার মানোন্নয়ন নিয়ে খোলামেলা আলোচনা করেন।
সভাপতির বক্তব্যে জেলা প্রশাসক বলেন, রাজশাহী একটি সম্ভাবনাময় জেলা, যেখানে পরিকল্পিত উদ্যোগ ও সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে আরও টেকসই উন্নয়ন সম্ভব। তিনি জানান, প্রশাসন দুর্নীতি ও অনিয়মের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতিতে কাজ করছে এবং জনগণের দোরগোড়ায় সেবা পৌঁছে দিতে বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করা হয়েছে।
তিনি আরও বলেন, গণমাধ্যম সমাজের গুরুত্বপূর্ণ অংশীদার হিসেবে কাজ করে। সাংবাদিকদের বস্তুনিষ্ঠ প্রতিবেদন ও গঠনমূলক সমালোচনা প্রশাসনের কার্যক্রমকে আরও গতিশীল ও স্বচ্ছ করে তোলে। প্রশাসন ও গণমাধ্যমের মধ্যে পারস্পরিক সহযোগিতা জোরদার হলে সাধারণ মানুষের সমস্যা দ্রুত চিহ্নিত ও সমাধান করা সম্ভব হবে বলেও তিনি উল্লেখ করেন।
সভায় উপস্থিত সাংবাদিকরা জেলার অবকাঠামো উন্নয়ন, শিক্ষা ও স্বাস্থ্যসেবার মানোন্নয়ন, আইনশৃঙ্খলা পরিস্থিতি এবং সামাজিক সমস্যা নিরসন বিষয়ে বিভিন্ন পরামর্শ ও মতামত তুলে ধরেন। জেলা প্রশাসক এসব বক্তব্য মনোযোগ সহকারে শোনেন এবং প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার আশ্বাস প্রদান করেন।
মতবিনিময় সভায় আরও উপস্থিত ছিলেন স্থানীয় সরকার শাখার উপপরিচালক মো. জাকিউল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহা. সবুর আলীসহ জেলা প্রশাসনের অন্যান্য কর্মকর্তা এবং বিভিন্ন প্রিন্ট, ইলেকট্রনিক ও অনলাইন গণমাধ্যমে কর্মরত সাংবাদিকবৃন্দ।
