
|| অপু দাস | জেলা প্রতিনিধি (রাজশাহী) ||
নগরবাসীর সেবা আরও কার্যকর ও গতিশীল করতে রাজস্ব আদায় বাড়ানোর ওপর গুরুত্বারোপ করেছেন রাজশাহী সিটি কর্পোরেশনের প্রশাসক মোঃ মাহফুজুর রহমান রিটন। মঙ্গলবার (৩১ মার্চ) নগর ভবনের কনফারেন্স কক্ষে রাজস্ব বিভাগের কর্মকর্তাদের সঙ্গে আয়োজিত এক মতবিনিময় সভায় তিনি এ বিষয়ে সুস্পষ্ট দিকনির্দেশনা প্রদান করেন।
সভায় প্রশাসক বলেন, চলতি অর্থবছরের জুন মাসের মধ্যে পূর্ববর্তী তিন অর্থবছরের তুলনায় অধিক রাজস্ব আদায় নিশ্চিত করতে হবে। তিনি উল্লেখ করেন, সিটি কর্পোরেশনের আর্থিক সক্ষমতা যত বাড়বে, নাগরিকদের জন্য সেবার পরিধি ও মান তত উন্নত হবে। তাই রাজস্ব খাতকে আরও শক্তিশালী করার বিকল্প নেই।
তিনি আরও বলেন, নিয়মিত কর আদায়ের পাশাপাশি বকেয়া রাজস্ব সংগ্রহে বিশেষ নজর দিতে হবে। একই সঙ্গে প্রচলিত আইন অনুযায়ী নতুন আয়ের উৎস খুঁজে বের করতে সংশ্লিষ্টদের উদ্যোগী হতে হবে। যেসব খাতে এখনো সম্ভাবনা থাকা সত্ত্বেও রাজস্ব আদায় হচ্ছে না, সেগুলো চিহ্নিত করে দ্রুত কার্যকর ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন তিনি।
প্রশাসক কর্মকর্তাদের উদ্দেশে বলেন, কর আদায়ের ক্ষেত্রে নাগরিকদের সঙ্গে ভদ্র, সহনশীল ও সৌহার্দ্যপূর্ণ আচরণ বজায় রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ। নাগরিকদের আস্থা অর্জন করতে পারলে রাজস্ব আদায় কার্যক্রম আরও সহজ ও ফলপ্রসূ হবে। কর আদায়কারীদের কাজকে আরও উৎসাহিত করতে বিধি অনুযায়ী প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার কথাও তিনি জানান।
সভায় যানজট নিরসন, নগরীর পরিচ্ছন্নতা বজায় রাখা এবং একটি আধুনিক, বাসযোগ্য শহর গড়ে তোলার লক্ষ্যে বিভিন্ন নির্দেশনা প্রদান করা হয়।
এ সময় সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মোঃ রেজাউল করিম, সচিব সোহেল রানা, প্রধান রাজস্ব কর্মকর্তা আবু সালেহ মোঃ নূর-ঈ সাঈদ, রাজস্ব কর্মকর্তা সারোয়ার হোসেন খোকন, ট্যাকসেশন কর্মকর্তা (বাজার) আবুল বাশার মো. তাজউদ্দীন, ট্যাকসেশন কর্মকর্তা (কর) মোঃ মহীউদ্দীনসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
