
|| অপু দাস | জেলা প্রতিনিধি (রাজশাহী) ||
রাজশাহী বরেন্দ্র প্রেসক্লাবের আয়োজনে মাসিক আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৭ মার্চ) বিকেলে নগরীর প্রেসক্লাব কার্যালয়ে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে ক্লাবের কার্যনির্বাহী কমিটির নেতৃবৃন্দ, সাধারণ সদস্য ও সহযোগী সদস্যরা অংশগ্রহণ করেন।
অনুষ্ঠানের শুরুতে সংগঠনের সার্বিক কার্যক্রম নিয়ে বিস্তারিত পর্যালোচনা করা হয়। একই সঙ্গে ভবিষ্যৎ পরিকল্পনা, সাংগঠনিক উন্নয়ন এবং সদস্যদের মধ্যে সমন্বয় আরও জোরদার করার বিষয়ে বিভিন্ন দিক নিয়ে আলোচনা অনুষ্ঠিত হয়। উপস্থিত সদস্যরা সংগঠনের অগ্রগতি বজায় রাখতে নিজেদের মতামত তুলে ধরেন এবং গঠনমূলক প্রস্তাব প্রদান করেন।
সভায় সভাপতিত্ব করেন ক্লাবের সভাপতি রেজাউল করিম এবং সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক শামসুল ইসলাম। আলোচনার এক পর্যায়ে সংগঠনের শৃঙ্খলা, পেশাগত দায়িত্ববোধ এবং পারস্পরিক সহযোগিতার গুরুত্ব তুলে ধরা হয়।
সভাপতির বক্তব্যে রেজাউল করিম বলেন, রাজশাহী বরেন্দ্র প্রেসক্লাব একটি ঐক্যবদ্ধ ও সক্রিয় সাংবাদিক সংগঠন হিসেবে কাজ করে যাচ্ছে। তিনি বলেন, সাংবাদিকদের প্রধান দায়িত্ব হলো নির্ভুল ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন করা। তবে এই দায়িত্ব পালনের পথে নানা প্রতিবন্ধকতা ও অপপ্রচারের মুখোমুখি হতে হচ্ছে। তিনি সদস্যদের উদ্দেশে বলেন, কোনো বিভ্রান্তি বা অপশক্তির প্ররোচনায় বিভক্ত না হয়ে ঐক্য বজায় রাখতে হবে।
তিনি আরও বলেন, সংগঠনের মর্যাদা রক্ষা এবং পেশাগত মানোন্নয়নের জন্য সবাইকে সম্মিলিতভাবে কাজ করতে হবে। ব্যক্তিগত মতবিরোধ ভুলে সংগঠনের স্বার্থকে অগ্রাধিকার দেওয়ার আহ্বান জানান তিনি।
সাধারণ সম্পাদক শামসুল ইসলাম তার বক্তব্যে বলেন, একটি সংগঠন যখন সঠিক পথে এগিয়ে যায়, তখন কিছু স্বার্থান্বেষী মহল উদ্দেশ্যমূলকভাবে বিভ্রান্তিকর তথ্য ছড়ানোর চেষ্টা করে। তিনি জানান, সংগঠনের শৃঙ্খলা রক্ষায় ‘জিরো টলারেন্স’ নীতি গ্রহণ করা হয়েছে এবং এ বিষয়ে কোনো ছাড় দেওয়া হবে না।
তিনি আরও বলেন, সামাজিক যোগাযোগমাধ্যমে যারা অপপ্রচার চালাচ্ছে, তাদের চিহ্নিত করার কাজ চলছে এবং প্রয়োজনে তাদের বিরুদ্ধে আইনি ও সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে। সদস্যদের উদ্দেশে তিনি আহ্বান জানান, গুজবে কান না দিয়ে যেকোনো বিষয়ে নিশ্চিত হওয়ার জন্য সরাসরি নেতৃত্বের সঙ্গে যোগাযোগ করতে।
সভা শেষে ইফতারের আগে দেশ ও জাতির কল্যাণ কামনা করে এবং প্রয়াত সাংবাদিকদের আত্মার মাগফিরাত কামনায় দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। দোয়া পরিচালনা করেন ক্লাবের কোষাধ্যক্ষ মামুনুর রশীদ।
এরপর আমন্ত্রিত অতিথি ও সদস্যরা একসঙ্গে ইফতারে অংশ নেন। সদস্যদের স্বতঃস্ফূর্ত উপস্থিতিতে অনুষ্ঠানটি এক আন্তরিক মিলনমেলায় পরিণত হয়। উপস্থিত সাংবাদিকরা পেশাগত দক্ষতা বৃদ্ধি, পারস্পরিক সহযোগিতা জোরদার এবং সংগঠনের ঐক্য অটুট রাখার বিষয়ে দৃঢ় অঙ্গীকার ব্যক্ত করেন।
