
|| আলোকিত দৈনিক ডেস্ক ||
রাজধানী ঢাকা ও এর পার্শ্ববর্তী এলাকায় আজ দিনের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। আজ বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) সকাল ৭টা থেকে পরবর্তী ৬ ঘণ্টার জন্য দেওয়া এক পূর্বাভাসে এই তথ্য জানানো হয়েছে।
আবহাওয়া অফিস বলছে, আজ ঢাকার আকাশ আংশিক মেঘলা থাকার পাশাপাশি আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে।
পূর্বাভাস অনুযায়ী, আজ দিনের বেলা দক্ষিণ ও দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ৫ থেকে ১০ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হতে পারে। আজ ভোরে ঢাকায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ২০ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস। গতকাল বুধবার রাজধানীর সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩১ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস।
আবহাওয়া অধিদপ্তর আরও জানিয়েছে, আজ সকালে বাতাসের আর্দ্রতার পরিমাণ ছিল ৭৩ শতাংশ। আজ সন্ধ্যায় ৫টা ৫৯ মিনিটে সূর্যাস্ত হবে এবং আগামীকাল শুক্রবার ভোর ৬টা ২৩ মিনিটে সূর্যোদয় হবে বলে জানানো হয়েছে।
উল্লেখ্য যে, গত কয়েকদিন ধরেই রাজধানীতে ঋতু পরিবর্তনের প্রভাবে তাপমাত্রার এমন ওঠানামা লক্ষ করা যাচ্ছে।
