রবিবার, মে ১০

রবীন্দ্রজয়ন্তীর সমাপনী অনুষ্ঠানে উঠে এলো কৃষক ও গ্রাম ভাবনায় রবীন্দ্রনাথ ঠাকুর

|| এস এম শাহরিয়ার | জেলা প্রতিনিধি (খুলনা) ||

বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর-এর ১৬৫তম জন্মবার্ষিকী উপলক্ষে আয়োজিত তিন দিনব্যাপী অনুষ্ঠানের সমাপনী পর্ব রবিবার খুলনার ফুলতলা উপজেলার দক্ষিণডিহি রবীন্দ্র কমপ্লেক্সে অনুষ্ঠিত হয়েছে।

সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা জেলা প্রশাসনের স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক মো. আরিফুল ইসলাম। অনুষ্ঠানের আলোচ্য বিষয় ছিল ‘রবীন্দ্রনাথের কৃষি দর্শন’।

বক্তারা বলেন, কৃষি ও গ্রামীণ জনপদের উন্নয়নে রবীন্দ্রনাথের চিন্তা ও উদ্যোগ আজও প্রাসঙ্গিক। তারা উল্লেখ করেন, গ্রামীণ অর্থনীতি শক্তিশালী করতে এবং কৃষকদের সহায়তায় তিনি নওগাঁর পতিসরে সমবায় কৃষি ব্যাংক প্রতিষ্ঠা করেছিলেন। একই সঙ্গে আধুনিক কৃষি শিক্ষার প্রসারে নিজের ছেলে ও জামাতাকে বিদেশে পাঠানোর বিষয়টিও আলোচনায় উঠে আসে।

আলোচনায় আরও বলা হয়, বিদেশ থেকে উন্নত জাতের বীজ ও আধুনিক কৃষিযন্ত্র এনে কৃষি উন্নয়নে বাস্তব উদ্যোগ নিয়েছিলেন বিশ্বকবি। শিলাইদহে আধুনিক কৃষি পদ্ধতির চর্চার মাধ্যমে তিনি কৃষকদের উদ্বুদ্ধ করার চেষ্টা করেন।

অনুষ্ঠানে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) বিতান কুমার মন্ডলের সভাপতিত্বে স্মারক বক্তব্য দেন শিক্ষাবিদ ও গবেষক অধ্যাপক মো. আব্দুল মান্নান। স্বাগত বক্তব্য রাখেন ফুলতলা উপজেলা নির্বাহী কর্মকর্তা সুচি রানী সাহা।

সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় ও খুলনা জেলা প্রশাসনের যৌথ আয়োজনে অনুষ্ঠিত এ কর্মসূচির শেষপর্বে সাংস্কৃতিক পরিবেশনা অনুষ্ঠিত হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *