মঙ্গলবার, এপ্রিল ১৪

রংপুরের তারাগঞ্জে উৎসবমুখর পরিবেশে পহেলা বৈশাখ উদযাপন

​|| আব্দুল আলীম | রংপুর প্রতিনিধি ||

রংপুরের তারাগঞ্জে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে বাংলা নববর্ষ ১৪৩৩ বরণ করে নেওয়া হয়েছে। মঙ্গলবার (১৪ এপ্রিল) সকালে তারাগঞ্জ উপজেলা প্রশাসন-এর আয়োজনে আনন্দ শোভাযাত্রা, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে নতুন বছরকে স্বাগত জানানো হয়। পহেলা বৈশাখের এই উৎসবে যোগ দিতে সকাল থেকেই বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের উপস্থিতিতে মুখর হয়ে ওঠে অনুষ্ঠান প্রাঙ্গণ।

​তারাগঞ্জ মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে আয়োজিত এই অনুষ্ঠানে প্রধান অতিথিসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ সম্মিলিতভাবে নববর্ষের কেক কাটার মাধ্যমে দিনের কর্মসূচির সূচনা করেন। সকাল ১১টার দিকে বিদ্যালয়ের অনুষ্ঠানস্থলে শুরু হয় আলোচনা সভা। এসময় বক্তারা বাঙালির চিরন্তন এই উৎসবকে অসাম্প্রদায়িক বাংলাদেশের প্রতীক হিসেবে উল্লেখ করে বলেন, নতুন বছর সবার জীবনে সুখ, শান্তি ও সমৃদ্ধি বয়ে আনবে।

অনুষ্ঠানে উউপস্থিত ব্যক্তিবর্গের পরনে ছিল বৈশাখী সাজ ও লাল-সাদা পোশাক, যা উৎসবের আমেজকে আরও প্রাণবন্ত করে তোলে।

​আলোচনা সভা শেষে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়। স্থানীয় শিল্পীদের পরিবেশনায় দেশাত্মবোধক গান ও লোকজ নৃত্যের তালে মেতে ওঠেন উপস্থিত দর্শক-শ্রোতারা। প্যান্ডেলজুড়ে সাধারণ মানুষের স্বতঃস্ফূর্ত উপস্থিতি প্রমাণ করে যে, শেকড়ের টানে বাঙালি সবসময় ঐক্যবদ্ধ।

উৎসবকে ঘিরে পুরো তারাগঞ্জ এলাকায় উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে এবং দিনটি উদযাপনে সব বয়সের মানুষের মাঝে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা গেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *