রবিবার, ফেব্রুয়ারি ৮

মেহেন্দিগঞ্জে যুব কল্যাণ সংঘের কুইজ প্রতিযোগিতার পুরস্কার বিতরণ

|| মেহেন্দিগঞ্জ (বরিশাল) প্রতিনিধি ||

মেহেন্দিগঞ্জ যুব কল্যাণ সংঘের উদ্যোগে আয়োজিত মেধা যাচাই ও কুইজ প্রতিযোগিতার বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়েছে। শনিবার (৭ ফেব্রুয়ারি) সকালে পাতারহাট সরকারি মুসলিম মডেল উচ্চ বিদ্যালয় মিলনায়তনে বর্ণাঢ্য এক অনুষ্ঠানের মাধ্যমে এই পুরস্কার তুলে দেওয়া হয়।

সংগঠনের উপদেষ্টামন্ডলীর সদস্য ও পাতারহাট ইসলামিয়া ফাজিল মাদ্রাসার জ্যেষ্ঠ শিক্ষক জনাব মোস্তাফিজুর রহমানের উপস্থিতিতে অনুষ্ঠানে অন্যান্য সদস্য ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ অংশ নেন।

অনুষ্ঠানে বক্তারা বলেন, কেবল পুঁথিগত বিদ্যা নয়, বরং কো-কারিকুলাম বা সহ-শিক্ষা কার্যক্রমের মাধ্যমে শিক্ষার্থীদের বৈশ্বিক প্রতিযোগিতার উপযুক্ত করে গড়ে তোলাই মেহেন্দিগঞ্জ যুব কল্যাণ সংঘের মূল লক্ষ্য। সৎ, মেধাবী ও দক্ষ একঝাঁক তরুণকে সমাজ ও রাষ্ট্রের কল্যাণে আত্মনিয়োগ করার আহ্বান জানিয়ে বক্তারা আরও বলেন, বর্তমান সমাজের নৈতিক অবক্ষয় ও দুর্নীতির ভিড়ে একজন শিক্ষার্থীকে দেশপ্রেম এবং ধর্মীয় অনুশাসনের সমন্বয়ে প্রকৃত মানুষ হিসেবে গড়ে উঠতে হবে।

উল্লেখ্য, ২০১৫ সালে প্রতিষ্ঠিত এই সংগঠনটি মাদক, স্মার্টফোনের অপব্যবহার ও অপসংস্কৃতি রোধে সচেতনতা সৃষ্টির পাশাপাশি করজে হাসানা প্রদান, বিশুদ্ধ কুরআন শিক্ষা, বৃক্ষরোপণ, পরিচ্ছন্নতা অভিযান ও বিভিন্ন আর্তসামাজিক কাজ করে আসছে।

এবারের প্রতিযোগিতায় পাতারহাট মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়, অম্বিকাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়, সরকারি পাতারহাট মুসলিম মডেল উচ্চ বিদ্যালয়, পাতারহাট বালিকা মাধ্যমিক বিদ্যালয়, পাতারহাট ইসলামিয়া ফাজিল মাদ্রাসা ও মাদারতলী ইসলামিয়া আলিম মাদ্রাসার প্রায় ৯০ জন শিক্ষার্থী অংশ নেয়।

মোট তিনটি গ্রুপে (ক, খ ও গ) বিভক্ত হয়ে মেধাতালিকায় স্থান পাওয়া ১৮ জন শিক্ষার্থীর হাতে মূল পুরস্কার তুলে দেওয়া হয়। এর মধ্যে ‘ক’ গ্রুপে ৬ জন, ‘খ’ গ্রুপে ৫ জন এবং ‘গ’ গ্রুপে ৭ জন বিজয়ী হয়েছেন।

এছাড়াও প্রতিযোগিতায় অংশগ্রহণকারী প্রত্যেক শিক্ষার্থীর হাতে উৎসাহমূলক উপহার হিসেবে সংগঠনের লোগো ও স্লোগান সংবলিত শিক্ষা উপকরণ তুলে দেওয়া হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *