সোমবার, এপ্রিল ৬

মানিকগঞ্জে সাংবাদিকদের ওপর হামলা চেষ্টার ঘটনায় নিন্দা ও প্রতিবাদ

|| সেলিম মোল্লা | নিজস্ব প্রতিনিধি (মানিকগঞ্জ) ||

মানিকগঞ্জের পাটুরিয়া ঘাটে সংবাদ সংগ্রহ করতে গিয়ে সাংবাদিকদের ওপর হামলা চেষ্টা ও তথ্য সংগ্রহে বাধা দেওয়ার অভিযোগ উঠেছে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্পোরেশন (BIWTC)-এর এক কর্মচারীর বিরুদ্ধে। এ ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে অনলাইন এন্ড মাল্টিমিডিয়া রিপোর্টার্স ইউনিটি (OMRU), মানিকগঞ্জ।

সংগঠন সূত্রে জানা যায়, পাটুরিয়া ঘাটে যাত্রীবাহী ট্রাক থেকে অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগের সংবাদ সংগ্রহ করছিলেন ‘গণকন্ঠ’-এর সাংবাদিক ও সংগঠনের সাংগঠনিক সম্পাদক হাসান শিকদার এবং ‘দৈনিক বর্তমান’-এর সাংবাদিক ও সহ-সাংগঠনিক সম্পাদক রাকিব হাসান। এ সময় BIWTC-এর এক কর্মচারী তাদের সংবাদ সংগ্রহে বাধা দেন এবং হামলার চেষ্টা চালান বলে অভিযোগ করা হয়।

সাংবাদিকরা জানান, সরকার নির্ধারিত ভাড়ার চেয়ে বেশি টাকা আদায়ের বিষয়টি তুলে ধরতে গেলে সংশ্লিষ্ট কর্মচারী ক্ষিপ্ত হয়ে ওঠেন। এক পর্যায়ে তিনি সাংবাদিকদের ওপর চড়াও হন এবং মোবাইল ফোন ছিনিয়ে নেওয়ার চেষ্টা করেন। এ সময় অশোভন আচরণ ও শারীরিকভাবে লাঞ্ছনার ঘটনাও ঘটে বলে অভিযোগ ওঠে।

এ ঘটনায় অনলাইন এন্ড মাল্টিমিডিয়া রিপোর্টার্স ইউনিটি (OMRU) সভাপতি ও সাধারণ সম্পাদক এক যৌথ বিবৃতিতে বলেন, “সাংবাদিকরা সমাজের দর্পণ। দুর্নীতি ও অনিয়মের বিরুদ্ধে তারা সবসময় সোচ্চার। তাদের ওপর এ ধরনের হামলা শুধু ব্যক্তির ওপর নয়, স্বাধীন সাংবাদিকতা ও গণমাধ্যমের ওপর আঘাত।” তারা দোষীদের দ্রুত শনাক্ত করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

সংগঠনটি আরও জানায়, এ ধরনের ন্যক্কারজনক ঘটনার পুনরাবৃত্তি রোধে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে কঠোর ব্যবস্থা নিতে হবে। একই সঙ্গে সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করার আহ্বান জানানো হয়েছে।

উল্লেখ্য, ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে সংশ্লিষ্টদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা গ্রহণের প্রত্যাশা ব্যক্ত করেছে সংগঠনটি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *