রবিবার, ফেব্রুয়ারি ১৫

মানিকগঞ্জে শতবর্ষের ঐতিহ্যবাহী গরু দৌড় প্রতিযোগিতা অনুষ্ঠিত

|| সেলিম মোল্লা | নিজস্ব প্রতিনিধি (মানিকগঞ্জ) ||

কালের বিবর্তনে দেশের অনেক লোকজ ঐতিহ্য হারিয়ে গেলেও মানিকগঞ্জে আজও প্রাণের মায়ায় আগলে রাখা হয়েছে বাংলার পুরনো সংস্কৃতি। এরই ধারাবাহিকতায় মানিকগঞ্জ সদর উপজেলার পুটাইল ইউনিয়নের মান্তা গ্রামে অনুষ্ঠিত হয়েছে শতবর্ষের ঐতিহ্যবাহী ‘গরু দৌড়’ প্রতিযোগিতা। বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) বিকেলে মান্তা গ্রাম এলাকায় এই রোমাঞ্চকর প্রতিযোগিতা সম্পন্ন হয়।

প্রতি বছর পৌষ সংক্রান্তি উপলক্ষে নিয়মিতভাবে এই উৎসবের আয়োজন করা হয়ে থাকে। এবারের প্রতিযোগিতাকে ঘিরেও পুরো এলাকাজুড়ে ছিল উৎসবমুখর পরিবেশ। উপজেলার বিভিন্ন অঞ্চল থেকে সৌখিন প্রতিযোগীরা তাদের বাছাইকৃত ও সুঠাম দেহের শতাধিক গরু নিয়ে এই প্রতিযোগিতায় অংশ নেন।

বিভিন্ন রঙ ও বিশাল আকৃতির ষাঁড়গুলোর দৌড় দেখতে দুপুর থেকেই মান্তা গ্রামের ফসলি মাঠে দূর-দূরান্তের হাজারো দর্শনার্থী ভিড় জমান।

আয়োজক কমিটির সদস্যরা জানান, আধুনিকতার ছোঁয়ায় গ্রামীণ সংস্কৃতি যখন বিলুপ্তির পথে, তখন নতুন প্রজন্মের কাছে বাংলার এই বীরত্বপূর্ণ ও লোকজ ঐতিহ্যকে তুলে ধরতেই তারা প্রতি বছর এই আয়োজন বজায় রেখেছেন। বিভিন্ন জেলা ও উপজেলার প্রতিযোগীরা এই মাঠে তাদের সেরা গরু নিয়ে লড়াইয়ে নামেন। গ্রামবাংলার এই প্রাচীন উৎসবটি যেন হারিয়ে না যায়, সে জন্য সরকারি ও বেসরকারি পৃষ্ঠপোষকতা প্রয়োজন বলেও মনে করেন আয়োজকরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *