
|| সেলিম মোল্লা | নিজস্ব প্রতিনিধি (মানিকগঞ্জ) ||
সাবেক মন্ত্রী মরহুম হারুন অর রশিদ খান মুন্নুর সহধর্মিণী এবং বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী আফরোজা খানম রিতা, এমপির মাতা মরহুমা হুরন নাহার রশিদের স্মরণে মানিকগঞ্জে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১৩ মার্চ) বিকালে পবিত্র রমজান মাসে আয়োজিত এই মাহফিলে প্রায় ১৫ হাজার রোজাদার মানুষকে ইফতার করানো হয়, যা এলাকায় ব্যাপক সাড়া ফেলেছে।

মরহুমার রুহের মাগফিরাত কামনায় আয়োজিত দোয়া মাহফিলে আলেম-ওলামারা বিশেষ মোনাজাত পরিচালনা করেন। এ সময় তারা মরহুমা হুরন নাহার রশিদের জীবনের বিভিন্ন দিক স্মরণ করে বলেন, তিনি ছিলেন মানবিক গুণাবলিতে সমৃদ্ধ, স্নেহশীল ও সমাজকল্যাণে নিবেদিতপ্রাণ একজন মানুষ। তার মৃত্যুতে সমাজ একজন অভিভাবকসুলভ ব্যক্তিত্বকে হারিয়েছে।
অনুষ্ঠানে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, রাজনৈতিক নেতৃবৃন্দ, সামাজিক ও ধর্মীয় সংগঠনের প্রতিনিধি, এলাকার সুধীজনসহ বিভিন্ন শ্রেণি-পেশার বিপুল সংখ্যক মানুষ অংশ নেন। পরে বিশাল আয়োজনের মধ্য দিয়ে উপস্থিত রোজাদারদের মাঝে ইফতার পরিবেশন করা হয়।
বক্তারা বলেন, মরহুমা হুরন নাহার রশিদের জীবন ছিল মানবিকতা, সহমর্মিতা ও সমাজসেবার উজ্জ্বল উদাহরণ। মানুষের কল্যাণে তার অবদান এলাকাবাসীর হৃদয়ে চিরস্মরণীয় হয়ে থাকবে।
শেষে মরহুমার আত্মার মাগফিরাত কামনা এবং দেশ ও জাতির শান্তি, অগ্রগতি ও কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাতের মাধ্যমে অনুষ্ঠান সমাপ্ত হয়।
