
|| সেলিম মোল্লা | নিজস্ব প্রতিনিধি (মানিকগঞ্জ) ||
“করবো কাজ, গড়বো দেশ—সবার আগে বাংলাদেশ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে মানিকগঞ্জে বর্তমান সরকারের নির্বাচনী ইশতেহার বাস্তবায়ন কার্যক্রম তুলে ধরতে এক প্রেস ব্রিফিং অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১৩ মে) দুপুরে জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে জেলা তথ্য অফিসের আয়োজনে এ ব্রিফিং অনুষ্ঠিত হয়। এতে লিখিত বক্তব্য পাঠ করেন জেলা প্রশাসক নাজমুল আরা সুলতানা।
ব্রিফিংয়ে সরকারের বিভিন্ন উন্নয়নমূলক কার্যক্রম, সেগুলোর বাস্তবায়নের অগ্রগতি এবং ভবিষ্যৎ পরিকল্পনা বিস্তারিতভাবে উপস্থাপন করা হয়। পাশাপাশি চলমান প্রকল্পসমূহ সফলভাবে বাস্তবায়নে সংশ্লিষ্ট দপ্তরগুলোর ভূমিকা ও পারস্পরিক সমন্বয়ের গুরুত্বও তুলে ধরা হয়।
এ সময় উপস্থিত ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, মানিকগঞ্জের উপ-পরিচালক মোহাম্মদ শাহজাহান সিরাজ, সমাজসেবা অধিদপ্তরের উপপরিচালক মো. আব্দুল বাতেন, জেলা তথ্য অফিসার মো. নূর হোসেনসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তারা। এছাড়া স্থানীয় গণমাধ্যমকর্মীরাও ব্রিফিংয়ে অংশ নেন।
ব্রিফিং শেষে জেলা প্রশাসক নাজমুল আরা সুলতানা সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন।
