শনিবার, মার্চ ৭

মানিকগঞ্জে জামায়াতের ইফতার মাহফিল ও বদর দিবসের আলোচনা সভা অনুষ্ঠিত

|| সেলিম মোল্লা | নিজস্ব প্রতিনিধি (মানিকগঞ্জ) ||

বাংলাদেশ জামায়াতে ইসলামী মানিকগঞ্জ জেলা শাখার উদ্যোগে বিশিষ্ট ব্যক্তিবর্গের সম্মানে ইফতার মাহফিল ও ঐতিহাসিক বদর দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৭ মার্চ) বিকেলে মানিকগঞ্জ শহরের ডায়মন্ড কনভেনশন সেন্টারে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শুরার সদস্য ও ঢাকা উত্তর অঞ্চলের টিম সদস্য মাওলানা দেলওয়ার হোসাইন বলেন, পৃথিবীতে ইসলামের জয়যাত্রা ও অস্তিত্বের ফয়সালা হয়েছিল ঐতিহাসিক বদরের রণাঙ্গনে। জাহেলিয়াতের অন্ধকার দূর করে শান্তির বার্তা বিশ্বজুড়ে ছড়িয়ে দেওয়ার পথ সুগম হয়েছিল এই বদরের প্রান্তর থেকেই।

তিনি উল্লেখ করেন, মহানবী হযরত মুহাম্মদ (সা.) শান্তিকামী ছিলেন, কিন্তু তৎকালীন অমুসলিম শক্তির ষড়যন্ত্র ও নির্যাতনের মুখে ইসলামকে রক্ষার তাগিদে যুদ্ধ অনিবার্য হয়ে পড়েছিল। বদরের ময়দানে সাহাবায়ে কেরাম যে নজিরবিহীন বীরত্ব ও ঈমানি দৃঢ়তা প্রদর্শন করেছেন, তা থেকে শিক্ষা নিয়ে বর্তমান সময়েও ইসলামী আন্দোলনের কর্মীদের মাঠে কাজ করার আহ্বান জানান তিনি।

মানিকগঞ্জ জেলা জামায়াতের আমীর হাফেজ মাওলানা মো. কামরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত এই সভায় বিশেষ অতিথি ও অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন জেলা সেক্রেটারি মাওলানা নুরুল ইসলাম, নায়েবে আমীর অ্যাডভোকেট আনোয়ার হোসাইন, মানিকগঞ্জ প্রেসক্লাবের সভাপতি জাহাঙ্গীর আলম বিশ্বাস ও সাধারণ সম্পাদক শাহানুর ইসলাম।

এছাড়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা জামায়াতের অফিস সম্পাদক রজ্জব আলী, উলামা বিভাগের সভাপতি মাওলানা জাকিরুল ইসলাম খান, আইটি সম্পাদক ইঞ্জিনিয়ার মোসলেহ উদ্দিন, প্রচার ও মিডিয়া সম্পাদক হাফেজ তসলিম উদ্দিন এবং সদর থানা আমীর মাওলানা ফজলুল হকসহ স্থানীয় নেতৃবৃন্দ।

আলোচনা সভা শেষে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর সুখ, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করা হয়। মোনাজাত শেষে উপস্থিত বিশিষ্টজন ও নেতা-কর্মীরা একসাথে ইফতারে অংশগ্রহণ করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *