
|| নিজস্ব প্রতিবেদক ||
মাদ্রাসা শিক্ষা বোর্ডের আওতাধীন শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে দাখিল ও আলিম স্তরে বাধ্যতামূলক ‘ছাত্রী ফুটবল দল’ গঠনের নির্দেশনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে ইসলামী ঐক্য আন্দোলন। শুক্রবার (২৪ জুলাই) রাজধানীর পুরানা পল্টনস্থ কেন্দ্রীয় কার্যালয় থেকে পাঠানো এক বিবৃতিতে সংগঠনের কেন্দ্রীয় আমীর অধ্যাপক মাওলানা মুহাম্মাদ এরশাদ উল্যাহ ভূঁইয়া এই প্রতিবাদ জানান।
বিবৃতিতে তিনি বলেন, “মাদ্রাসা শিক্ষা মূলত ধর্মীয় অনুশাসন, পর্দা, শালীনতা ও নীতি-নৈতিকতার ওপর ভিত্তি করে গড়ে উঠেছে। সেখানে মাদ্রাসা শিক্ষা বোর্ডের অধীনে দাখিল (৬ষ্ঠ-১০ম) এবং আলিম (১ম ও ২য় বর্ষ) শ্রেণিতে ছাত্রী ফুটবল দল গঠন ও অনুশীলনের নির্দেশনা অত্যন্ত উদ্বেগজনক। মাদ্রাসায় ছাত্রী ফুটবল দল গঠনের সিদ্ধান্ত ইসলামী মূল্যবোধ ও ধর্মীয় চেতনার সম্পূর্ণ পরিপন্থী। শিক্ষার সুস্থ পরিবেশ বজায় রাখা ও ধর্মীয় অনুভূতিকে সম্মান জানানো শিক্ষা প্রশাসনের নৈতিক দায়িত্ব হলেও এই সিদ্ধান্তের মাধ্যমে তা সরাসরি ক্ষুণ্ণ করা হয়েছে।”
ইসলামী ঐক্য আন্দোলনের আমীর আরও বলেন, “শারীরিক সুস্থতা ও খেলাধুলার প্রয়োজন থাকলেও তা ইসলামী শরিয়তের সীমানা ও পর্দার বিধান মেনেই হওয়া উচিত। মাদ্রাসার ধর্মীয় পরিবেশে ছাত্রীদের ফুটবল দল গঠনের মতো পদক্ষেপে শিক্ষার্থী, অভিভাবক ও আলেম সমাজের মনে তীব্র ক্ষোভ ও অসন্তোষ সৃষ্টি হয়েছে। দেশের আলেম সমাজ ও ধর্মপ্রাণ মানুষের অনুভূতির প্রতি শ্রদ্ধা জানিয়ে মাদ্রাসা বোর্ডের এই বিতর্কিত নির্দেশনাটি অবিলম্বে প্রত্যাহার করার জোর দাবি জানাচ্ছি।”
তিনি মনে করেন, একটি গভীর ষড়যন্ত্র সমাজের মানুষের মধ্যে বিভ্রান্ত সৃষ্টির মাধ্যমে সামাজিক বিশৃঙ্খলা সৃষ্টির পাঁয়তারা। এ ব্যাপারে সরকারকে সতর্ক দৃষ্টি রাখার জন্য তিনি সতর্ক করেন।
