
|| আলোকিত দৈনিক ডেস্ক ||
টাঙ্গাইল-৮ (বাসাইল-সখিপুর) আসনের সংসদ সদস্য ও বিশিষ্ট আইনজীবী অ্যাডভোকেট আহমেদ আযম খান সরকারের মন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করেছেন। আজ বৃহস্পতিবার (১২ মার্চ) দুপুরে জাতীয় সংসদ ভবনে এক রাষ্ট্রীয় অনুষ্ঠানে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন তাঁকে এই পদের শপথ বাক্য পাঠ করান।
ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন শুরু হওয়ার পর সংসদীয় ও রাষ্ট্রীয় প্রক্রিয়ার অংশ হিসেবে এই নতুন নিয়োগ সম্পন্ন হয়।
মন্ত্রিসভায় আহমেদ আযম খানের অন্তর্ভুক্তিকে তাঁর দীর্ঘ রাজনৈতিক ক্যারিয়ার ও জনসেবার স্বীকৃতি হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা। শপথ গ্রহণ অনুষ্ঠানে সরকারের উচ্চপদস্থ কর্মকর্তা ও নবনির্বাচিত সংসদ সদস্যরা উপস্থিত ছিলেন।
টাঙ্গাইল-৮ আসনের এই জনপ্রতিনিধি মন্ত্রী হিসেবে দায়িত্ব পাওয়ায় তাঁর নির্বাচনী এলাকায় আনন্দ মিছিল ও মিষ্টি বিতরণ করেছেন স্থানীয় নেতা-কর্মীরা।
নতুন দায়িত্ব পাওয়ার পর তিনি দেশের উন্নয়ন ও জনগণের কল্যাণে নিবেদিতভাবে কাজ করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।
