
|| সেলিম মোল্লা | নিজস্ব প্রতিনিধি (মানিকগঞ্জ) ||
মানিকগঞ্জ-৩ আসন থেকে বিপুল ভোটে বিজয়ী সংসদ সদস্য আফরোজা খানম রিতা মন্ত্রীপরিষদের শপথ গ্রহণের ডাক পেয়েছেন। এ খবরে জেলা জুড়ে দলীয় নেতাকর্মী ও সমর্থকদের মাঝে আনন্দ-উচ্ছ্বাস দেখা গেছে।
সর্বশেষ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি মনোনীত প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করে তিনি মোট ১ লাখ ৬৭ হাজার ৩৪৫ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হন। বিপুল ভোটের ব্যবধানে জয়লাভ করে তিনি মানিকগঞ্জ-৩ আসনে নিজের অবস্থান সুসংহত করেন।
তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ১১-দলীয় জোট সমর্থিত বাংলাদেশ খেলাফত মজলিশ প্রার্থী মোঃ সাঈদ নূর পেয়েছেন ৬৪হাজার ২৪২ ভোট। ভোট গণনা শেষে আনুষ্ঠানিক ফলাফল ঘোষণা করা হলে বিভিন্ন স্থানে আনন্দ মিছিল বের করেন তার সমর্থকরা। শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণ ও গণনা সম্পন্ন হওয়ায় সংশ্লিষ্ট প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর প্রতি কৃতজ্ঞতা জানান আফরোজা খানম রিতা।
মন্ত্রিসভায় শপথের ডাক পাওয়ায় মানিকগঞ্জবাসীর মধ্যে নতুন আশার সঞ্চার হয়েছে। জেলার উন্নয়ন, কর্মসংস্থান সৃষ্টি ও অবকাঠামো খাতে দৃশ্যমান অগ্রগতি হবে— এমনই প্রত্যাশা এলাকাবাসীর।
