Thursday, July 16

‘ভেটেরানস বাংলাদেশ’-এর আত্মপ্রকাশ আনুষ্ঠান কাল

|| নিজস্ব প্রতিবেদক ||

দেশের সামরিক ও বেসামরিক বিভিন্ন সেবাখাত থেকে অবসরপ্রাপ্ত ব্যক্তিবর্গের দীর্ঘ অভিজ্ঞতা, অর্জিত দক্ষতা ও দেশপ্রেমকে দেশের সার্বিক উন্নয়ন ও সেবামূলক কাজে লাগানোর প্রত্যয়ে যাত্রা শুরু করছে নতুন সংগঠন ‘ভেটেরানস বাংলাদেশ’। সম্পূর্ণ অরাজনৈতিক, অলাভজনক ও সেবামূলক এই প্ল্যাটফর্মটির আনুষ্ঠানিক আত্মপ্রকাশ অনুষ্ঠান ও এক আলোচনা সভা আগামীকাল শুক্রবার (১৭ জুলাই) বিকেল ৪ টায় রাজধানীর সেগুনবাগিচায় অবস্থিত রিপোর্টার্স ইউনিটিতে অনুষ্ঠিত হতে যাচ্ছে।

সংগঠনের মিডিয়া সাব কমিটির সভাপতি মেজর শেখ মোঃ ইউসুফ রেজা (অব.)-এর পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এই তথ্য জানানো হয়েছে।

‘দেশগঠনে ভেটেরানদের ভূমিকা’ শীর্ষক এই বিশেষ আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন সাবেক রাষ্ট্রদূত ও বীর মুক্তিযোদ্ধা মেজর জেনারেল জামিল ডি আহসান, বিপি (অব.)। অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন ‘ভেটেরানস বাংলাদেশ’-এর আহ্বায়ক মেজর আমীন আহম্মেদ আফসারী (অব.)।

সংগঠনটির পক্ষ থেকে জানানো হয়েছে, বাংলাদেশের অবসরপ্রাপ্ত ভেটেরানদের পারস্পরিক ঐক্য জোরদার করা, কল্যাণমূলক কার্যক্রম পরিচালনা এবং দেশের মানুষের সেবায় তাঁদের জ্ঞান ও নেতৃত্বের ইতিবাচক ব্যবহার নিশ্চিত করাই এই উদ্যোগের মূল লক্ষ্য। এই মিলনমেলায় অংশ নেবেন বিভিন্ন বাহিনী ও প্রতিষ্ঠানের ভেটেরান সদস্যবৃন্দ, বীর মুক্তিযোদ্ধা, বিশিষ্ট নাগরিক, গবেষক ও গণমাধ্যমকর্মীরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *