
|| নিজস্ব প্রতিবেদক, কালীগঞ্জ (ঝিনাইদহ) ||
ভারতের পশ্চিমবঙ্গে মুসলমানদের উপর বর্বরোচিত হত্যাকাণ্ড ও অমানবিক নির্যাতনের প্রতিবাদে ঝিনাইদহের কালীগঞ্জে এক বিশাল বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার (১৪ মে) ইসলামী ঐক্য আন্দোলন কালীগঞ্জ থানা শাখার উদ্যোগে এই প্রতিবাদ কর্মসূচির আয়োজন করা হয়।
বিক্ষোভ মিছিলটি কালীগঞ্জ শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে এক প্রতিবাদ সমাবেশে মিলিত হয়। ইসলামী ঐক্য আন্দোলন কালীগঞ্জ থানা শাখার আমীর মাওলানা দেলোয়ার হোসেন নূরপূরীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান মেহমান হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের কেন্দ্রীয় নায়েবে আমীর আলহাজ্ব মাওলানা মুহাম্মাদ রুহুল আমীন।
সমাবেশে প্রধান মেহমানের বক্তব্যে মাওলানা রুহুল আমীন বলেন, “প্রতিবেশী দেশ ভারতে মুসলমানদের ওপর যে বর্বরোচিত হামলা ও নির্যাতন চালানো হচ্ছে, তা কোনো সভ্য সমাজ মেনে নিতে পারে না। এই অমানবিক পরিস্থিতি বন্ধে বিশ্ববিবেককে জাগ্রত হতে হবে।” তিনি অবিলম্বে এই নির্যাতন বন্ধে আন্তর্জাতিক মহলের কার্যকর হস্তক্ষেপ দাবি করেন।
সমাবেশে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জমিয়তে তালাবায়ে আরাবিয়ার ঝিনাইদহ জেলা শাখার সাবেক সভাপতি মাওলানা মোস্তফা আল হুসাইনী। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ইসলামী ঐক্য আন্দোলন কোটচাঁদপুর থানা শাখার সেক্রেটারি জেনারেল মো: ওমর আলী, জেলা শাখা সদস্য ডা: ওয়াসেল উদ্দিন এবং দিগন্ত বিশ্ববিদ্যালয় ভর্তি কোচিং ঝিনাইদহ শাখার পরিচালক মাওলানা আবু বকর সিদ্দিক।
বিক্ষোভ সমাবেশে ঝিনাইদহের বিভিন্ন থানা, ইউনিয়ন ও ওয়ার্ড থেকে আসা বিপুল সংখ্যক নেতাকর্মী ও সাধারণ তৌহিদী জনতা অংশ নেন। বক্তারা ভারতীয় মুসলমানদের জান-মাল ও ধর্মীয় অধিকার সুরক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান। সমাবেশ শেষে দেশ, জাতি এবং বিশ্ব মুসলিম উম্মাহর শান্তি ও সমৃদ্ধি কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।
