
|| মোহাম্মদ রাজিবুল হাসান | নিজস্ব প্রতিবেদক ||
এবারের ঈদের রিলিজ হতে যাচ্ছে জীবন্ত কিংবদন্তি সাবিনা ইয়াসমিন আর রাজিতের ডুয়েট গান৷ খালা এবং ভাগ্নের ডুয়েট গান৷ সাবিনা ইয়াসমিনের মেজ বোন ষাট দশকের জনপ্রিয় শিল্পী ফওজিয়া ইয়াসমিনের ছেলে রাজিত। রাজিত একজন সরোদ শিল্পী, সুরকার এবং গায়ক।
‘ছোট ছোট স্বপ্ন’ এই গান দিয়ে তিন বছর পরে আবার শ্রদ্ধেয় সাবিনা ইয়াসমিনের সাথে ডুয়েট গাইলেন রাজিত। এ আগে ২০২০ সালে ছিল প্রথম ডুয়েট ‘জোছনা ঢলে’, তারপর ২০২৩ এ ‘তুুমি ছুঁয়ে দিলে’ রিলিজ হয়েছিল।

‘ছোট ছোট স্বপ্ন’ গানটির অডিও রেকর্ডিং হয় ১৪ ডিসেম্বর ২০২৫। রেকর্ডিস্ট ছিলেন মিডিয়া জগতে অত্যন্ত সুপরিচিত পুলক বড়ুয়া। তারপরে ১৮ ডিসেম্বর ২০২৫ এ গানটির শুটিং সম্পন্ন হয়। গানটি এবারের ঈদে অবমুক্ত হতে যাচ্ছে THK Music লেবেল থেকে।
গানটি নিয়ে গানটির সুরকার ও গায়ক রাজিত বলেন,”আমি আসলে সবসময় ভেবেছিলাম যে শ্রদ্ধেয় সাবিনা ইয়াসমিনের সাথে যদি অন্তত একটা ডুয়েট করতে পারি, তাহলে সেটাই পরম প্রাপ্তি। তারপরেও তো এক এক করে তিনবার ওনার পাশে দাঁড়াতে পেরেছি, এটা আমার জন্য অনেক পাওয়া। ছোট খালাম্মার কাছে আমি কৃতজ্ঞ আমাকে বারবার সুযোগ দেবার জন্য। আমি ২০০৩ থেকে অস্ট্রেলিয়াতে পাকাপাকি ভাবে স্থায়ী হলেও আমি ভীষন সৌভাগ্যবান যে দেশে এসে ওনার মতন একজন কিংবদন্তির সাথে মাঝে মাঝে কাজ করবার সুযোগ পাই।”
গানটি সম্পর্কে গীতিকার সোমা তাহেরা চৌধুরী বলেন,”বন্ধু রাজিতের সুর আর আমার লেখায় এখন পর্যন্ত ৩৪টা গান সৃষ্টি হলেও এইবারের গান ছোট ছোট স্বপ্ন আর সব গান গুলোর থেকে আলাদা। কারন তো একটাই – আমার লেখা এই গানটিতে কন্ঠ দিয়েছেন জীবন্ত কিংবদন্তী সাবিনা ইয়াসমিন৷ আমার জীবনের দারুন স্মরনীয় একটা মূহুর্ত এই গানটি।”
এই গানটির স্ক্রিপ্ট রাইটার সাফিকা নাসরিন বলেন, “বন্ধু রাজিতের এর প্রায় সব গানের ভিডিও ডিরেকশন আমারই করা৷ রাজিত আর শ্রদ্ধেয় সাবিনা ইয়াসমিনের ২০২৩ এ করা ডুয়েট গানটাও আমারই ডিরেকশনে ছিল। তবে এবারের গানটা নিয়ে আমার ভাল লাগা অন্যরকম। কারন এবার আমরা এই কিংবদন্তীর অফিশিয়াল মিউজিক ভিডিও করেছি, ওনার সাথে সরাসরি কাজ করেছি। ওনাকে অনস্ক্রিনে পেয়েছি। একজন দেশ সেরা কিংবদন্তী শিল্পীর সাথে সারাসরি কাজ করার ভাল লাগাটা আসলেই অন্যরকম। তবে এই প্রজেক্টে আমার ভূমিকা একটু আলাদা। পুরা প্রজেক্টটা ম্যানেজ করবার পাশাপাশি গানটির স্ক্রিপ্টটা লিখেছি আমি যেটা ডিরেক্টর ইয়াসির আরাফাত ওনার দারুন দক্ষতা দিয়ে খুব সুন্দর করে ফুটিয়ে তুলেছেন এই গানটিতে। গানটিতে মডেল হিসাবে ছিলেন সাজ্জাদ আর অপ্সরা। ওদের দারুন সাবলীল আর স্বতঃস্ফূর্ত উপস্থিতি গানটিকে প্রাণবন্ত করেছে। আশাকরি অডিও ভিডিও দুটোই দারুন শ্রোতাপ্রিয় হবে।”
গানটির ডিরেক্টর ইয়াসির আরাফাত বলেন,”এরকম একজন জীবন্ত কিংবদন্তির গানের কাজের সাথে সম্পৃক্ত থাকাটা আসলেই অন্যরকম ভাল লাগা একটা ব্যপার। আমি রাজিত ভাইকে অসংখ্য ধন্যবাদ জানাই এই প্রজেক্টটায় আমাকে সম্পৃক্ত করবার জন্য।”
‘ছোট ছোট স্বপ্ন’ গানটির দারুন সংগীতায়োজন করেছেন স্বনামধন্য মিউজিক ডিরেক্টর সজীব দাস। সজীব দাস বলেন, “রাজিত ভাইয়ের সুরের এই গানটি দারুন ভাবে মেজর কর্ড আর মাইনর কর্ডে সুইং করেছে। মিউজিক করবার সময়েও আমার বাজানো গীটার পিসেও আমি সেই রিফ্লেকশনটা রেখেছি। আর একজন কিংবদন্তির গানে মিউজিক করাটা আসলেই ভীষন ভাল লাগার। শ্রদ্ধেয় সাবিনা ইয়াসমিন আপা আর রাজিত ভাইয়ের দ্বিতীয় ডুয়েটটির মিউজিকও আমার করা।”
গানটি মুক্তি পেতে যাচ্ছে এবারের ঈদ উল ফিতরের দিন।
