রবিবার, এপ্রিল ৫

বেলকুচিতে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ

|| আসাদুল ইসলাম | ​নিজস্ব প্রতিবেদক (বেলকুচি, সিরাজগঞ্জ) ||

সিরাজগঞ্জের বেলকুচিতে ২০২৫-২৬ অর্থবছরের খরিফ-২ মৌসুমে কৃষি উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে উন্নত মানের বীজ ও সার বিতরণ কার্যক্রমের শুভ উদ্বোধন করা হয়েছে। তিল, পাট ও আউশ ধানের আবাদ সম্প্রসারণের মাধ্যমে কৃষকদের স্বাবলম্বী করে তুলতেই সরকারি এই প্রণোদনা কর্মসূচির আয়োজন করা হয়।

​রবিবার (০৫ এপ্রিল) সকালে বেলকুচি উপজেলা কৃষি প্রশিক্ষণ কেন্দ্রে আয়োজিত এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কার্যক্রমের উদ্বোধন করেন সিরাজগঞ্জ-৫ আসনের মাননীয় সংসদ সদস্য জনাব মোঃ আমিরুল ইসলাম খান আলিম। এ সময় তিনি কৃষকদের হাতে প্রণোদনার সামগ্রী তুলে দেন।

​প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, বর্তমান সরকার কৃষি ও কৃষকের ভাগ্যোন্নয়নে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। কৃষকদের উৎপাদন খরচ কমিয়ে ফলন বৃদ্ধির লক্ষ্যেই এই বিনামূল্যে বীজ ও সার বিতরণের উদ্যোগ নেওয়া হয়েছে। দেশের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে কৃষি ও কৃষকের উন্নয়নে এই অগ্রযাত্রা আগামীতেও অব্যাহত থাকবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

​বেলকুচি উপজেলা নির্বাহী অফিসার জনাব আফরিন জাহানের সভাপতিত্বে অনুষ্ঠিত এই উদ্বোধনী সভায় উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের কর্মকর্তা ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

বক্তারা উপস্থিত কৃষকদের আধুনিক কৃষি প্রযুক্তি ব্যবহার করে ফলন বাড়ানোর পরামর্শ দেন। উপজেলা কৃষি পুনর্বাসন বাস্তবায়ন কমিটির আয়োজনে ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের বাস্তবায়নে এই কার্যক্রমের আওতায় উপজেলার কয়েকশ প্রান্তিক কৃষক পর্যায়ক্রমে এই সুবিধা পাবেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *