মঙ্গলবার, এপ্রিল ১৪

বেলকুচিতে উৎসবমুখর পরিবেশে ‘বৈশাখী শোভাযাত্রা’ ও বর্ষবরণ

|| আসাদুল ইসলাম | ​নিজস্ব প্রতিবেদক (বেলকুচি, সিরাজগঞ্জ) ||

বর্ণাঢ্য আয়োজন আর উৎসবমুখর পরিবেশের মধ্য দিয়ে সিরাজগঞ্জের বেলকুচিতে বাংলা নববর্ষ ১৪৩৩ বরণ করা হয়েছে। মঙ্গলবার (১৪ এপ্রিল) সকালে বেলকুচি সরকারি কলেজ ও উপজেলা প্রশাসনের উদ্যোগে পৃথক পৃথক ‘বৈশাখী শোভাযাত্রা’ ও আলোচনা সভার মধ্য দিয়ে নতুন বছরকে স্বাগত জানানো হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিরাজগঞ্জ-৫ (বেলকুচি, চৌহালী ও এনায়েতপুর) আসনের জাতীয় সংসদ সদস্য এবং বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক আমিরুল ইসলাম খান আলীম।

​সকাল সাড়ে ৮টায় বেলকুচি সরকারি কলেজে বেলুন উড়িয়ে এবং বৈশাখী শোভাযাত্রার উদ্বোধনের মাধ্যমে দিনের কর্মসূচি শুরু হয়। এরপর সকাল ৯টায় উপজেলা প্রশাসন চত্বর থেকে আরও একটি বৈশাখী শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি এলাকার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। এসময় দেশীয় সংস্কৃতির নানা অনুষঙ্গ, রঙিন ব্যানার ও ফেস্টুন হাতে সব শ্রেণি-পেশার মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ উৎসবের আমেজকে আরও প্রাণবন্ত করে তোলে।

​প্রধান অতিথির বক্তব্যে আমিরুল ইসলাম খান আলীম দেশবাসীকে নববর্ষের শুভেচ্ছা জানিয়ে বলেন, বাংলা নববর্ষ আমাদের জাতীয় সংস্কৃতির এক অবিচ্ছেদ্য অংশ। নতুন বছর সবার জীবনে অনাবিল সুখ, শান্তি ও সমৃদ্ধি বয়ে আনুক। তিনি সম্প্রীতি ও ঐক্যের মাধ্যমে দেশ গড়ার আহ্বান জানান।

বর্ষবরণের এসব অনুষ্ঠানে উপজেলা প্রশাসনের কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ, শিক্ষক-শিক্ষার্থী এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *