
|| আল আমিন হোসেন | নিজস্ব প্রতিনিধি (সিরাজগঞ্জ) ||
“আজকের পদক্ষেপ, আগামীর ন্যায় বিচার, সুরক্ষিত হোক সকল নারী ও কন্যার অধিকার”—এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে সিরাজগঞ্জের বেলকুচিতে আন্তর্জাতিক নারী দিবস ২০২৬ উপলক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (৮ মার্চ) বেলা ১১টা ৩০ মিনিটে বেলকুচি উপজেলা পরিষদ সভাকক্ষে উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ের আয়োজনে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বেলকুচি উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ইসরাত জাহান। এসময় উপস্থিত ছিলেন পৌর বিএনপির সাবেক আহবায়ক হাজী আলতাফ হোসেন প্রামানিক, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা জহুরুল ইসলাম, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা হাসনাত জাহান, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা নাহিদা ইয়াসমিন, পৌর বিএনপির সাবেক সদস্য জাহিদুল হক মুক্তা এবং উপজেলা শ্রমিক দলের সভাপতি কেরামত আলী তালুকদারসহ বিভিন্ন সরকারি কর্মকর্তা, রাজনৈতিক ব্যক্তিবর্গ ও নারী নেত্রীবৃন্দ।
আলোচনা সভায় বক্তারা বলেন, সমাজের উন্নয়ন ও অগ্রগতিতে নারীদের অবদান অত্যন্ত গুরুত্বপূর্ণ। নারী ও কন্যাশিশুর অধিকার নিশ্চিত করতে সবাইকে একযোগে কাজ করতে হবে। বক্তারা নারীর প্রতি সকল ধরনের সহিংসতা, বৈষম্য ও নির্যাতন বন্ধ করে তাদের জন্য নিরাপদ ও সম্মানজনক পরিবেশ গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেন।
এসময় বক্তারা আরও বলেন, নারীর ক্ষমতায়ন নিশ্চিত করতে শিক্ষা, কর্মসংস্থান ও সামাজিক নিরাপত্তা জোরদার করা প্রয়োজন। নারীর ন্যায়বিচার ও নিরাপত্তা নিশ্চিত হলে দেশ আরও দ্রুত উন্নয়নের পথে এগিয়ে যাবে।
অনুষ্ঠান শেষে নারী দিবসের গুরুত্ব তুলে ধরে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হয়।
