রবিবার, ফেব্রুয়ারি ১৫

বেলকুচি-চৌহালীর উন্নয়নে আলীমকে মন্ত্রী হিসেবে চায় এলাকাবাসী

|| আসাদুল ইসলাম | নিজস্ব প্রতিবেদক | বেলকুচি (সিরাজগঞ্জ) ||

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সিরাজগঞ্জ-৫ (বেলকুচি-চৌহালী) আসন থেকে বিপুল ভোটে জয়ী হয়েছেন বিএনপি মনোনীত প্রার্থী ও কেন্দ্রীয় বিএনপির রাজশাহী বিভাগের সহ–সাংগঠনিক সম্পাদক আমিরুল ইসলাম খান আলীম। দীর্ঘ দেড় দশক পর এই আসনে ধানের শীষের বিজয়ে উচ্ছ্বসিত সাধারণ মানুষ। এখন তাদের প্রাণের দাবি—এলাকার কাঙ্ক্ষিত উন্নয়নের ধারা ত্বরান্বিত করতে আমিরুল ইসলাম খান আলীমকে নতুন সরকারের মন্ত্রিসভায় অন্তর্ভুক্ত করা হোক।

তৃণমূল নেতাকর্মী ও স্থানীয়দের মতে, বেলকুচি এবং এনায়েতপুর-চৌহালী এলাকা তাঁতশিল্প সমৃদ্ধ ও যমুনা বিধৌত হওয়ায় এখানকার প্রধান সমস্যা নদী ভাঙন এবং ব্যবসায়িক মন্দা। বিগত বছরগুলোতে সঠিক নেতৃত্বের অভাবে এ অঞ্চলের মানুষ চরম অবহেলার শিকার হয়েছে। আমিরুল ইসলাম খান আলীম ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি হিসেবে দক্ষতা ও নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করেছেন, যা তাকে দেশব্যাপী একজন পরিচ্ছন্ন ও ত্যাগী নেতা হিসেবে পরিচিতি দিয়েছে। দীর্ঘ সময় রাজপথে থেকে গণতান্ত্রিক আন্দোলনে তার বলিষ্ঠ ভূমিকা ও স্থানীয় জনগণের সাথে নিবিড় সম্পৃক্ততা তাকে সর্বমহলে গ্রহণযোগ্য করে তুলেছে।

বেলকুচির সাধারণ ভোটাররা জানান, “আলীম ভাই এলাকার মাটি ও মানুষের নেতা। তিনি সংসদ সদস্য নির্বাচিত হওয়ায় আমরা আনন্দিত, তবে তাকে মন্ত্রী হিসেবে পেলে আমাদের দীর্ঘদিনের পুঞ্জীভূত সমস্যাগুলো বিশেষ করে যমুনা নদীর ভাঙন রোধে স্থায়ী সমাধান এবং তাঁতশিল্পের প্রসারে কার্যকর ভূমিকা রাখা সহজ হবে।”

চৌহালী উপজেলার এক প্রবীণ রাজনীতিবিদের মতে, বেলকুচি-চৌহালীর রাজনৈতিক ইতিহাসে অনেক প্রভাবশালী নেতা থাকলেও সরকারে সঠিক ব্যক্তির অভাব এই অঞ্চলের টেকসই উন্নয়নের পথে অন্তরায় ছিল। এবার যোগ্য নেতা হিসেবে আলীমকে মন্ত্রী করা হলে তা এই অবহেলিত জনপদের মানুষের জন্য হবে সরকারের পক্ষ থেকে শ্রেষ্ঠ উপহার।

উল্লেখ্য, এবারের নির্বাচনে আমিরুল ইসলাম খান আলীম ১ লাখ ৩৪ হাজার ১৯৪ ভোট পেয়ে বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন। তার এই অভাবনীয় জয়ের পর থেকেই সিরাজগঞ্জ জেলা ও বিশেষ করে বেলকুচি-চৌহালী উপজেলার সর্বত্র তাকে মন্ত্রী করার জোরালো দাবি উঠেছে।

স্থানীয়দের প্রত্যাশা, দলের হাইকমান্ড এই অঞ্চলের ভৌগোলিক গুরুত্ব ও জনমানুষের সেন্টিমেন্ট বিবেচনা করে তাকে মন্ত্রিসভায় স্থান দিয়ে এলাকার উন্নয়নের দ্বার উন্মোচন করবেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *