Tuesday, October 13

বেরোবিতে তরুণদের মোবাইল আসক্তি কাটাতে ‘পঠিত’-এর ‘সাইলেন্স রিডিং আওয়ার’

|| ​বেরোবি প্রতিনিধি ||

রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে (বেরোবি) তরুণ প্রজন্মের মাঝে সুস্থ বিনোদনের বিকাশ এবং মোবাইল ফোনের অতিরিক্ত আসক্তি কমিয়ে বই পড়ার অভ্যাস গড়ে তোলার লক্ষ্যে কাজ করে যাচ্ছে তরুণদের সামাজিক উদ্যোগ ‘পঠিত’। এই উদ্যোগের অংশ হিসেবে শিক্ষার্থীদের জন্য নিয়মিত আয়োজন করা হচ্ছে ‘সাইলেন্স রিডিং আওয়ার’। এই আয়োজনে অংশ নিয়ে পাঠকেরা তাদের ব্যক্তিগত মোবাইল ফোন জমা রেখে এক ঘণ্টার জন্য নিস্তব্ধ পরিবেশে বই পড়ার সুযোগ পান। আয়োজকদের বিশ্বাস, এই ছোট অভ্যাসটি তরুণদের ব্যক্তিগত জীবনে স্বতঃস্ফূর্তভাবে বই পড়ার মানসিকতা তৈরিতে ইতিবাচক ভূমিকা রাখবে।

​’পঠিত’-এর মূল উদ্দেশ্য হলো সহজ শর্তে ও সাশ্রয়ী উপায়ে পাঠকের হাতে বই পৌঁছে দেয়া। এখানে মাত্র ১০ টাকা সার্ভিস চার্জের বিনিময়ে পাঠকদের বই পড়তে দেওয়া হয়। পরবর্তীতে বই পড়া শেষে পাঠকেরা তা ফেরত দেন। বইয়ের পৃষ্ঠা ছিঁড়ে যাওয়া, মলাট নষ্ট হওয়া কিংবা আনুষঙ্গিক রক্ষণাবেক্ষণ ও সংস্কার কাজের জন্য মূলত এই নামমাত্র ফি গ্রহণ করা হয়। বই পৌঁছে দেয়ার মাধ্যমে তরুণদের মানসিক স্বাস্থ্যের ইতিবাচক বিকাশ সাধন করাও এই প্ল্যাটফর্মটির অন্যতম বড় লক্ষ্য।

​উল্লেখ্য, ২০২০ সালে রংপুরের হারাগাছে ‘পঠিত’-এর প্রথম যাত্রা শুরু হয়। পরবর্তীতে ২০২৪ সালে নতুন উদ্দীপনায় বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় (বেরোবি) ক্যাম্পাসে এটি পুনারম্ভ করা হয়। বেরোবির গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের ৭ জন শিক্ষার্থী এই প্রশংসনীয় উদ্যোগের পেছনে সক্রিয়ভাবে কাজ করছেন। তাঁরা হলেন— আব্দুল্লাহ আল হাসান দীপ্ত, মনিরুল ইসলাম, ইবতেশাম রহমান সাইনাভ, সুবর্ণা শিকদার, সাদিয়া আক্তার সূচী এবং সানিয়া খন্দকার।

​বর্তমানে বেরোবি ক্যাম্পাসের বিভিন্ন বিভাগের শিক্ষার্থীদের মাঝে ‘পঠিত’ ব্যাপক সাড়া ফেলেছে। বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা নিয়মিত বই নেয়ার পাশাপাশি এই বই পাঠ চর্চায় আগ্রহের সাথে অংশ নিচ্ছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *