মঙ্গলবার, মে ১৯

বিরল সীমান্তে বিজিবির অভিযানে দুষ্প্রাপ্য কষ্টিপাথরের মূর্তি উদ্ধার

|| নিজস্ব প্রতিবেদক ||

দিনাজপুরের বিরল সীমান্তে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) এর বিশেষ অভিযানে ২ কেজি ১০০ গ্রাম ওজনের একটি দুষ্প্রাপ্য কষ্টিপাথরের মূর্তি (ভাঙ্গা অংশ) উদ্ধার করা হয়েছে। রবিবার (১৭ মে) দিবাগত মধ্যরাতে দিনাজপুর ব্যাটালিয়ন (৪২ বিজিবি) এর অধীনস্থ কিশোরীগঞ্জ বিওপি’র একটি চৌকস টহল দল এই সফল অভিযান পরিচালনা করে।

বিজিবি সূত্রে জানা গেছে, গোপন গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ওই রাতে বিরল উপজেলার সীমান্ত পিলার ৩৩১/২-এস হতে আনুমানিক ২ কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে মানিকপাড়া গ্রাম এলাকায় অভিযান চালায় বিজিবির টহল দল। এ সময় সেখানে তল্লাশি চালিয়ে এই ঐতিহাসিক ও মূল্যবান প্রত্নবস্তুটি পরিত্যক্ত অবস্থায় উদ্ধার করা হয়। উদ্ধারকৃত কষ্টিপাথরের মূর্তিটির সিজার মূল্য ২ লক্ষ ১০ হাজার টাকা নির্ধারণ করা হলেও প্রত্নতাত্ত্বিক গুরুত্ব বিবেচনায় এর প্রকৃত মূল্য অসীম ও অপরিমেয়। পরবর্তীতে দিনাজপুরের কাহারোলস্থ কান্তনগর প্রত্নতাত্ত্বিক জাদুঘরের সংশ্লিষ্ট কর্তৃপক্ষ পরীক্ষা-নিরীক্ষা শেষে এটি প্রত্নতাত্ত্বিকভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ নিদর্শন বলে নিশ্চিত করেছেন।

উল্লেখ্য, ১৯৬৮ সালের (১৯৭৬ সালে সংশোধিত) “পুরাকীর্তি সংরক্ষিত আইন” অনুযায়ী দেশ ও জাতির প্রাচীন ইতিহাস ও ঐতিহ্য বহনকারী এই জাতীয় সকল প্রত্নতাত্ত্বিক নিদর্শন সংগ্রহ এবং সংরক্ষণের দায়িত্ব সরকার তথা প্রত্নতত্ত্ব অধিদপ্তরের। সেই নির্দেশনা অনুযায়ী উদ্ধারকৃত কষ্টিপাথরের মূর্তিটি কান্তনগর প্রত্নতাত্ত্বিক জাদুঘরে হস্তান্তরের কার্যক্রম বর্তমানে প্রক্রিয়াধীন রয়েছে।

এ বিষয়ে দিনাজপুর ব্যাটালিয়ন (৪২ বিজিবি) এর অধিনায়ক লে কর্নেল আব্দুল্লাহ আল মঈন হাসান জানান, সীমান্ত সুরক্ষার পাশাপাশি দেশের মূল্যবান প্রত্নতাত্ত্বিক সম্পদ রক্ষা এবং চোরাচালান প্রতিরোধে বিজিবি সর্বদা বদ্ধপরিকর। জাতীয় ঐতিহ্য রক্ষায় আগামীতেও বিজিবির এই ধরনের বিশেষ ও কঠোর অভিযান অব্যাহত থাকবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *