
|| বিনোদন ডেস্ক ||
ব্রিটিশ একাডেমি ফিল্ম অ্যাওয়ার্ডসের (বাফটা) ২০২৬ সালের আসরে বাজিমাত করেছে অফবিট থ্রিলার ‘ওয়ান ব্যাটেল আফটার অ্যানাদার’। রবিবার (২২ ফেব্রুয়ারি) লন্ডনে জমকালো আয়োজনের মধ্য দিয়ে ঘোষিত এই পুরস্কারে সেরা চলচ্চিত্র ও সেরা পরিচালকসহ মোট ছয়টি বিভাগে শ্রেষ্ঠত্ব অর্জন করেছে ছবিটি। বিখ্যাত নির্মাতা পল টমাস অ্যান্ডারসন এই ছবির জন্য সেরা পরিচালকের পুরস্কার লুফে নেন। খবর: আল জাজিরার।
বিপ্লবীদের সঙ্গে রাষ্ট্রের সংঘাতের গল্প নিয়ে নির্মিত এই চলচ্চিত্রটি সেরা চলচ্চিত্র ছাড়াও সেরা অভিযোজিত চিত্রনাট্য, সিনেমাটোগ্রাফি এবং সম্পাদনা বিভাগে পুরস্কার জিতেছে। এছাড়া সামরিক কর্মকর্তার চরিত্রে অনবদ্য অভিনয়ের জন্য সেরা পার্শ্ব অভিনেতার পুরস্কার পেয়েছেন শন পেন।
পুরস্কার গ্রহণকালে পরিচালক অ্যান্ডারসন বলেন, “ভয়হীনভাবে কাজ করে যাওয়াই প্রকৃত স্বাধীনতা।”
এবারের আসরে অন্যান্য বিজয়ীদের মধ্যে ‘সিনার্স’ চলচ্চিত্রটি সেরা মৌলিক চিত্রনাট্য ও আবহ সঙ্গীতসহ তিনটি পুরস্কার জিতেছে। সেরা ব্রিটিশ চলচ্চিত্রের পুরস্কার পেয়েছে শেক্সপীয়রীয় ট্র্যাজেডি ‘হ্যামনেট’। এতে অভিনয়ের জন্য সেরা অভিনেত্রীর পুরস্কার জিতেছেন জেসি বাকলি। তবে সবাইকে চমকে দিয়ে তিমোথি শালামে ও লিওনার্দো ডিক্যাপ্রিওর মতো তারকাদের পেছনে ফেলে ‘আই সোয়ার’ ছবির জন্য সেরা অভিনেতার পুরস্কার জিতে নিয়েছেন রবার্ট আরামায়ো।
সেরা তথ্যচিত্র বিভাগে পুরস্কার জিতেছে ‘মিস্টার নোবডি অ্যাগেইনস্ট পুতিন’। রাশিয়া-ইউক্রেন যুদ্ধের প্রেক্ষাপটে নির্মিত এই ছবিটি প্রোপাগান্ডার বিরুদ্ধে এক শিক্ষকের নৈতিক লড়াইয়ের গল্প তুলে ধরেছে।
অন্যদিকে, ফিলিস্তিনের গাজায় ইসরায়েলি আগ্রাসন নিয়ে নির্মিত ‘দ্য ভয়েস অফ হিন্দ রাজাব’ মনোনীত হলেও শেষ পর্যন্ত পুরস্কার জিততে পারেনি।
লন্ডনের এই পুরস্কার অনুষ্ঠানটি প্রতিবছরের মতো এবারও অস্কারের সম্ভাব্য বিজয়ীদের একটি আগাম আভাস হিসেবে গণ্য করা হচ্ছে।
