মঙ্গলবার, এপ্রিল ২১

বাঙালী জাতির ঐতিহ্য নববর্ষে বেলকুচিতে বর্ণাঢ্য সাংস্কৃতিক অনুষ্ঠান

|| আল আমিন হোসেন | নিজস্ব প্রতিনিধি (সিরাজগঞ্জ) ||

বাংলা নববর্ষ ১৪৩৩ উদযাপন উপলক্ষে সিরাজগঞ্জের বেলকুচিতে বর্ণাঢ্য সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। বাঙালির হাজার বছরের ঐতিহ্য, সংস্কৃতি ও চেতনার বহিঃপ্রকাশ ঘটিয়ে শুক্রবার (১৭ এপ্রিল), ৪ বৈশাখ ১৪৩৩ বাংলা, পরন্ত বিকালে “সাংস্কৃতিক অনুষ্ঠান-১৪৩৩ বাংলা” শীর্ষক এই আয়োজন অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানের প্রধান পৃষ্ঠপোষক ছিলেন সিরাজগঞ্জ-৫ আসনের মাননীয় জাতীয় সংসদ সদস্য জনাব আমিরুল ইসলাম খান আলীম। অনুষ্ঠানের পৃষ্ঠপোষক ছিলেন বেলকুচি উপজেলার নির্বাহী অফিসার জনাব আফরিন জাহান।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বেলকুচি পৌর বিএনপির সাবেক আহ্বায়ক জনাব হাজী আলতাফ হোসেন প্রামানিক। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন ইউনিক কালচারাল একাডেমির সভাপতি খোরশেদ আলম।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক মনোয়ার চৌধুরী বাবু, অত্র অনুষ্ঠানের উপদেষ্টা হানিফ মোহাম্মদ, পৌর বিএনপির সাবেক সদস্য মাহমুদুল হাসান এবং উপজেলা যুবদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ওহিদুল ইসলামসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

অনুষ্ঠানটি পরিচালনা করেন সংগঠনের সাংগঠনিক সম্পাদক আদম আলী শেখ এবং সঞ্চালনায় ছিলেন সাহিত্য সম্পাদক মোখলেছুর রহমান। সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন ইউনিক কালচারাল একাডেমির সাধারণ সম্পাদক ফিরোজ আহমেদ তালুকদার।

সাংস্কৃতিক অনুষ্ঠানে সংগীত পরিবেশন করেন ইউনিক কালচারাল একাডেমি ও শেরনগর পূর্বপাড়া যুব উন্নয়ন ক্লাবের শিল্পীরা। দেশীয় গান, লোকসংগীত, নৃত্য ও বিভিন্ন সাংস্কৃতিক পরিবেশনার মাধ্যমে উপস্থিত দর্শকদের মুগ্ধ করেন তারা। পুরো অনুষ্ঠানজুড়ে ছিল উৎসবমুখর পরিবেশ, যেখানে নানা বয়সী দর্শকদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো।

অনুষ্ঠানে বক্তারা বাংলা নববর্ষের তাৎপর্য তুলে ধরে বলেন, বাঙালির ইতিহাস, ঐতিহ্য ও সংস্কৃতিকে লালন ও নতুন প্রজন্মের মাঝে ছড়িয়ে দিতে এ ধরনের সাংস্কৃতিক আয়োজন অত্যন্ত গুরুত্বপূর্ণ। তারা আরও বলেন, সাংস্কৃতিক চর্চার মাধ্যমে সমাজে ইতিবাচক পরিবর্তন আনা সম্ভব এবং এটি তরুণদের সৃজনশীল কাজে উদ্বুদ্ধ করে।

বক্তারা নতুন বাংলা বছরে সকলের সুখ, শান্তি ও সমৃদ্ধি কামনা করেন এবং বেলকুচিতে এ ধরনের আয়োজন আরও নিয়মিত করার আহ্বান জানান।

উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত এই আয়োজন বেলকুচির সাংস্কৃতিক অঙ্গনে নতুন মাত্রা যোগ করেছে বলে উপস্থিতরা মত প্রকাশ করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *