
|| এস এম শাহরিয়ার | জেলা প্রতিনিধি (খুলনা) ||
আসন্ন বর্ষা মৌসুমকে সামনে রেখে জলাবদ্ধতা নিরসনে আগাম প্রস্তুতি জোরদার করেছে খুলনা সিটি কর্পোরেশন (কেসিসি)। এর অংশ হিসেবে রবিবার (১২ এপ্রিল) সকাল থেকে দৌলতপুর বাজারসহ আশপাশের বিভিন্ন খাল ও ড্রেনেজ ব্যবস্থার সরেজমিন পরিদর্শন করেন কেসিসি প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু।
পরিদর্শন শেষে সাংবাদিক ও স্থানীয়দের সঙ্গে মতবিনিময়কালে তিনি বলেন, নগরবাসীকে একটি পরিচ্ছন্ন ও বাসযোগ্য শহর উপহার দিতে হলে বর্ষার আগেই প্রয়োজনীয় কাজ সম্পন্ন করতে হবে। এজন্য ড্রেনেজ ব্যবস্থার উন্নয়নের পাশাপাশি বাজার ব্যবস্থাপনা ও স্যানিটেশন ব্যবস্থার আধুনিকায়ন জরুরি।
তিনি আরও জানান, বাজার পরিচালনা কমিটির সঙ্গে আলোচনা করে বিদ্যমান সমস্যাগুলোর সমাধানে কার্যকর পদক্ষেপ নেওয়া হবে। পাশাপাশি বাজার সংস্কার ও নতুন বাজার নির্মাণের প্রকল্প আসন্ন বাজেটে অন্তর্ভুক্ত করার পরিকল্পনা রয়েছে।
এদিন তিনি দৌলতপুর বাজার সংলগ্ন নদী, পাইকারী কাঁচাবাজার, পাবলা কারিকরপাড়া ড্রেন, বিজিবি অফিস সংলগ্ন ড্রেন এবং ক্ষুদে খালের পানি নিষ্কাশন ব্যবস্থা ঘুরে দেখেন। এ সময় ফুটপথ দখলমুক্ত রেখে জনসাধারণের চলাচল স্বাভাবিক রাখতে ক্ষুদ্র ব্যবসায়ীদের প্রতি আহ্বান জানান তিনি।
পরিদর্শনে কেসিসির প্রধান প্রকৌশলী মশিউজ্জামান খান, নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ আনিচুজ্জামান, কনজারভেন্সি অফিসার প্রকৌশলী মো. আনিসুর রহমান, এস্টেট অফিসার গাজী সালাউদ্দিন, বাজার কর্মকর্তা শেখ শফিকুল হাসান দিদারসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এছাড়া স্থানীয় সমাজসেবক ও বাজার পরিচালনা কমিটির নেতৃবৃন্দও এ সময় অংশ নেন।
