
|| সারোয়ার হোসেন অপু | জেলা প্রতিনিধি (নওগাঁ) ||
বদলগাছী উপজেলার একটি শ্মশান ঘাটের আমগাছের নিচ থেকে নয়ন কুমার মহন্ত (২৪) নামে এক রাজমিস্ত্রির মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
মঙ্গলবার (১০ মার্চ) সন্ধ্যায় উপজেলার মথরাপুর ইউনিয়ন এর চকবেনী গ্রাম এলাকার মরাপুতি শ্মশান ঘাট থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
নিহত নয়ন কুমার মহন্ত (২৪) ধামইরহাট উপজেলার ইনশিরা গ্রামের মৃত প্রদীপ চন্দ্র মহন্তের ছেলে। তিনি পেশায় একজন রাজমিস্ত্রি ছিলেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার বিকেল সাড়ে ৪টার দিকে চকবেনী গ্রামের আদিবাসী শ্মশান ঘাটে একটি আমগাছের সঙ্গে হেলান দিয়ে একজনকে বসে থাকতে দেখেন অজিত (৩০) নামে স্থানীয় এক ব্যক্তি। বিষয়টি সন্দেহজনক মনে হওয়ায় তিনি কাছে গিয়ে ডাকাডাকি করেন। কিন্তু কোনো সাড়া না পেয়ে স্থানীয়দের খবর দেন। পরে পুলিশকে জানানো হলে সন্ধ্যায় বদলগাছী থানা পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছে সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করে মরদেহটি উদ্ধার করে থানায় নিয়ে আসে।
জানা গেছে, প্রায় ১৮ দিন আগে নয়ন কুমার মহন্ত বদলগাছী উপজেলার মিঠাপুর ইউনিয়ন এলাকায় সাবেক চেয়ারম্যান মীর মহিউদ্দিন আলমগীরের পারিবারিক কবরস্থান মেরামতের কাজে আসেন। মৃত্যুর একদিন আগে তিনি মোবাইল ফোনে পরিবারের সঙ্গে কথা বলেছিলেন। এর আগে সোমবার সকাল ১০টার পর মিঠাপুর সাহেব বাজার এলাকা থেকে তিনি হঠাৎ চলে যান। পরে কাজে ফিরে না আসায় সহকর্মীরা তাকে বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তার সন্ধান পাননি। বিষয়টি পরে নয়নের পরিবারকে জানানো হয়।
মঙ্গলবার নয়নের পরিবার লোকমারফতে খবর পায় যে চকবেনী শ্মশান ঘাটে তার মরদেহ পড়ে আছে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে বদলগাছী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লুৎফর রহমান জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। লাশের সুরতহাল রিপোর্ট তৈরি করা হয়েছে এবং ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে। ময়নাতদন্তের রিপোর্ট হাতে পেলেই মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হওয়া যাবে।
