Tuesday, July 28

বদলগাছীতে ব্যবসা প্রতিষ্ঠানে হামলা-ভাঙচুর: থানায় অভিযোগ

|| সারোয়ার হোসেন অপু | জেলা প্রতিনিধি (নওগাঁ) ||

নওগাঁর বদলগাছী উপজেলার বিলাশবাড়ী ইউনিয়নের দ্বীপগঞ্জ বাজারে একটি ব্যবসা প্রতিষ্ঠানে হামলা, ভাঙচুর ও মালামাল নষ্ট করার অভিযোগ উঠেছে। এ ঘটনায় ভুক্তভোগী ব্যবসায়ী মো. এনামুল হক (৪৫) বদলগাছী থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।

অভিযোগ সূত্রে জানা যায়, উপজেলার হলুদবিহার গ্রামের মো. আব্দুর রাজ্জাকের কাছ থেকে দ্বীপগঞ্জ বাজারে একটি দোকান ও গুদাম জামানত বাবদ ভাড়া নিয়ে দীর্ঘদিন ধরে ইলেকট্রিক, কসমেটিকস, মোবাইল ও গৃহস্থালি সামগ্রীর ব্যবসা পরিচালনা করে আসছিলেন এনামুল হক।

তবে জমিজমা-সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে দোকান মালিকপক্ষের সঙ্গে প্রতিপক্ষের বিরোধের জের ধরে এই হামলার ঘটনা ঘটে।
লিখিত অভিযোগে উল্লেখ করা হয়, গত ২৭ জুলাই (সোমাবার) বিকেল সাড়ে ৫টার দিকে অভিযুক্তরা দেশীয় অস্ত্রে সজ্জিত হয়ে দোকানে হামলা চালায়। তারা দোকানের মালামাল বাইরে ফেলে দিয়ে ব্যাপক ভাঙচুর ও ক্ষয়ক্ষতি সাধন করে। এতে প্রায় ১২ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে দাবি অভিযোগকারীর। এ সময় বাঁধা দিতে গেলে ব্যবসায়ী এনামুল হক ও তাঁর পরিবারের সদস্যদের মারধরসহ প্রাণনাশের হুমকি দেওয়া হয়। এ ঘটনায় মো. হিরন হোসেন, মো. কিরনসহ একই গ্রামের ছয়জনকে অভিযুক্ত করা হয়েছে।

ঘটনার বিষয়ে জানতে চাইলে পুলিশ জানায়, খবর পেয়ে ওই দিন রাত প্রায় ১০টার দিকে থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। অভিযোগের বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *