শনিবার, মে ১৬

বকশীগঞ্জে বিশেষ অভিযানে ইয়াবাসহ তিন মাদক কারবারি গ্রেপ্তার

|| আহম্মেদ সায়েম | নিজস্ব প্রতিনিধি ||

জামালপুরের বকশীগঞ্জ উপজেলায় বিশেষ অভিযান চালিয়ে এক হাজার পিস ইয়াবাসহ তিন মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার (১৬ মে) দুপুরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে দায়ের করা মামলায় গ্রেপ্তারকৃতদের আদালতে পাঠানো হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

পুলিশ সূত্রে জানা যায়, শুক্রবার দিবাগত রাতে উপজেলার নিলাক্ষিয়া ইউনিয়নের জানকিপুর সলই মন্ডলপাড়া এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে বকশীগঞ্জ থানা পুলিশের একটি বিশেষ টিম। অভিযানে চিহ্নিত তিন মাদক ব্যবসায়ীকে আটক করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন— জানকিপুর সলই মন্ডলপাড়ার আব্দুল বারেকের ছেলে আরিফ হোসেন (৩০), তার স্ত্রী রহিমা বেগম (২৫) এবং কক্সবাজার জেলার রামু উপজেলার উত্তর মিঠাছড়ি এলাকার মৃত আব্দুর রহমানের ছেলে আব্দুল মান্নান (৪২)।

বকশীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মকবুল হোসেন জানান, অভিযানের সময় তাদের কাছ থেকে এক হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। উদ্ধার হওয়া ইয়াবার আনুমানিক বাজারমূল্য প্রায় তিন লাখ টাকা।

এ ঘটনায় বকশীগঞ্জ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। পাশাপাশি গ্রেপ্তারকৃতদের আদালতে পাঠানো হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *