Sunday, August 16

প্রেসিডেন্সি ইউনিভার্সিটিতে মাসব্যাপী ‘এডমিশন ফেস্ট’ শুরু

|| নিজস্ব প্রতিবেদক ||

প্রেসিডেন্সি ইউনিভার্সিটিতে আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে মাসব্যাপী ‘এডমিশন ফেস্ট, ফল–২০২৬’। রবিবার (১৬ আগস্ট) সকাল ১১টায় বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে ফিতা কেটে এই উৎসবের শুভ উদ্বোধন করেন উপাচার্য প্রফেসর ড. মোঃ আব্দুল মান্নান চৌধুরী। উদ্বোধনের পর নতুন শিক্ষাবর্ষে ভর্তিচ্ছু শিক্ষার্থীদের উপস্থিতি ও স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে ক্যাম্পাসজুড়ে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের বোর্ড অব ট্রাস্টিজের প্রিন্সিপাল অ্যাডভাইজার প্রফেসর ড. মো. আনোয়ারুল কবির, রেজিস্ট্রার মো. সাকির হোসাইন, স্কুল অব ইঞ্জিনিয়ারিং-এর ডিন প্রফেসর ড. শহিদুল ইসলাম খান, স্কুল অব বিজনেস-এর ডিন প্রফেসর আবুল কালাম, স্কুল অব ‘ল’-এর ডিন প্রফেসর মোহাম্মদ আজহারুল ইসলাম, পরীক্ষা নিয়ন্ত্রক মোহাম্মদ জাহেদুর রহমান এবং প্রক্টর মো. আনিছুর রহমান। এছাড়া বিভিন্ন বিভাগের প্রধান, শিক্ষক-শিক্ষিকা, কর্মকর্তা-কর্মচারী ও শিক্ষার্থীরা এতে অংশ নেন।

এডমিশন ফেস্ট ফল-২০২৬-এর মেম্বার সেক্রেটারি এবং এডমিশন অ্যান্ড পাবলিক রিলেশনস ডিপার্টমেন্টের ডেপুটি ডিরেক্টর ও হেড জাহিদ হাসানের পরিচালনায় আয়োজিত এই ফেস্টে ভর্তিচ্ছুদের জন্য একগুচ্ছ বিশেষ সুবিধা ঘোষণা করা হয়েছে।

উৎসব উপলক্ষে শিক্ষার্থীদের ভর্তি ফি-তে ৭৫ শতাংশ ছাড় এবং টিউশন ফি-তে ১০ শতাংশ স্পেশাল স্কলারশিপসহ মেধার ভিত্তিতে সর্বোচ্চ ১০০ শতাংশ পর্যন্ত স্কলারশিপের সুযোগ দেওয়া হচ্ছে। পাশাপাশি ভর্তি হওয়া শিক্ষার্থীদের শুভেচ্ছা উপহার হিসেবে দেওয়া হচ্ছে ইউনিভার্সিটির ফ্ল্যাগশিপ ব্যাগ, টি-শার্ট ও গ্র্যান্ড গিফট বক্স। মাসব্যাপী এই ফেস্টে উপহারের পাশাপাশি শিক্ষার্থীদের সুবিধার্থে একাডেমিক ও ক্যারিয়ার কাউন্সেলিং এবং তথ্যভিত্তিক বিভিন্ন দিকনির্দেশনা সেবা চালু থাকবে।

উল্লেখ্য, গবেষণা ও কর্মমুখী শিক্ষা, ডিজিটালাইজড ক্লাসরুম, আধুনিক ল্যাব ও সমৃদ্ধ লাইব্রেরিসহ আন্তর্জাতিক মানের শিক্ষা পরিবেশ নিশ্চিতের মাধ্যমে গত ২২ বছর ধরে প্রেসিডেন্সি ইউনিভার্সিটি উচ্চশিক্ষায় নির্ভরযোগ্য প্রতিষ্ঠান হিসেবে সেবা দিয়ে আসছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *