রবিবার, মার্চ ২৯

প্রিপেইড মিটারের মাসিক চার্জ বাতিল করছে সরকার

|| নিজস্ব প্রতিবেদক ||

বিদ্যুৎ গ্রাহকদের দীর্ঘদিনের দাবি ও অসন্তোষের মুখে প্রিপেইড মিটারের মাসিক ভাড়া বা মিটার চার্জ পুরোপুরি বাতিল করার ঐতিহাসিক সিদ্ধান্ত নিয়েছে সরকার। আজ রবিবার (২৯ মার্চ) দুপুরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে সরকারের এই জনবান্ধব সিদ্ধান্তের কথা জানান বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু।

তিনি উল্লেখ করেন যে, প্রিপেইড মিটারে বাড়তি চার্জ আদায় নিয়ে সাধারণ গ্রাহকদের মধ্যে দীর্ঘদিন ধরে এক ধরনের চাপা ক্ষোভ বিরাজ করছিল, যা সরকার নিবিড়ভাবে পর্যবেক্ষণ করেছে। গ্রাহকদের সর্বোচ্চ অনুকূলে একটি স্বচ্ছ ও জনবান্ধব বিদ্যুৎ সেবা নিশ্চিত করতেই দ্রুততম সময়ের মধ্যে এই মিটার চার্জ পদ্ধতি তুলে দেওয়ার প্রক্রিয়া শুরু হয়েছে।

বর্তমানে প্রিপেইড মিটার ব্যবহারকারীদের প্রতি মাসে রিচার্জের সময় একটি নির্দিষ্ট পরিমাণ টাকা মিটার ভাড়া বা রক্ষণাবেক্ষণ চার্জ হিসেবে কেটে নেওয়া হয়। অনেক গ্রাহক বছরের পর বছর এই চার্জ প্রদান করে আসছিলেন এবং মিটারের প্রকৃত দাম বহু আগেই উসুল হয়ে যাওয়ার পরও কেন বাড়তি টাকা কাটা হচ্ছে, তা নিয়ে প্রশ্ন তুলে আসছিলেন।

বিদ্যুৎ মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, বিগত সময়ে মিটার কেনায় অস্বচ্ছতা ও অতিরিক্ত ব্যয়ের কারণে তৈরি হওয়া আর্থিক বোঝা সাধারণ গ্রাহকদের ওপর চাপানো হয়েছিল। বর্তমান সরকার গ্রাহকের অর্থ সাশ্রয় এবং বিদ্যুৎ খাতে পূর্ণ স্বচ্ছতা ফিরিয়ে আনতে বদ্ধপরিকর হওয়ায় এই যুগান্তকারী পদক্ষেপ গ্রহণ করেছে।

সরকারের এই সিদ্ধান্তের ফলে দেশের কোটি কোটি বিদ্যুৎ গ্রাহক আর্থিক সাশ্রয়ের পাশাপাশি বাড়তি হয়রানি থেকেও মুক্তি পাবেন বলে আশা করা হচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *