মঙ্গলবার, এপ্রিল ২১

প্রশ্ন ফাঁসের কোনো সুযোগ নেই, এসএসসি পরীক্ষা সুষ্ঠু হয়েছে: শিক্ষামন্ত্রী

|| নিজস্ব প্রতিবেদক ||

সারাদেশে আয়োজিত এসএসসি ও সমমানের প্রথম দিনের পরীক্ষা অত্যন্ত আনন্দঘন ও সুন্দর পরিবেশে সম্পন্ন হয়েছে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন। মঙ্গলবার (২১ এপ্রিল) দুপুরে রাজধানীর আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এই সন্তোষ প্রকাশ করেন।

মন্ত্রী দৃঢ়তার সাথে উল্লেখ করেন যে, এবারের পরীক্ষায় প্রশ্নপত্র ফাঁসের কোনো সম্ভাবনা নেই এবং এ ধরনের কোনো ঘটনা ঘটেনি। এমনকি প্রশ্ন আউট নিয়ে কোথাও কোনো আলোচনা বা গুঞ্জনও নেই বলে তিনি জানান।

শিক্ষামন্ত্রী তার বক্তব্যে গণমাধ্যমের ভূমিকার প্রশংসা করে বলেন, সাংবাদিকদের সহযোগিতার কারণেই একটি নকলমুক্ত ও সুষ্ঠু পরীক্ষার বার্তা দেশবাসীর কাছে পৌঁছানো সম্ভব হয়েছে। পরীক্ষা শুরুর আগে নেওয়া বিভিন্ন পদক্ষেপগুলো গণমাধ্যমে প্রচার হওয়ার ফলে শিক্ষার্থী ও অভিভাবকদের মাঝে সচেতনতা তৈরি হয়েছে। বিশেষ করে ‘জেন-জি’ বা বর্তমান প্রজন্মের শিক্ষার্থীদের উদ্দীপনার প্রশংসা করে তিনি বলেন, কেন্দ্রে তাদের হাসিখুশি অংশগ্রহণ সত্যিই অভাবনীয়। আগামী পরীক্ষাগুলোতেও এই ধারা বজায় রাখতে মন্ত্রণালয় ও বিশেষ টিম নিবিড় মনিটরিং করবে বলে তিনি আশ্বস্ত করেন।

পরীক্ষার্থীদের কেন্দ্রে পৌঁছানোর বিষয়ে মন্ত্রী জানান, যানজট বা অন্য কোনো কারণে কোনো শিক্ষার্থীর দেরি হলে তাদের প্রতি সংবেদনশীল আচরণ করতে শিক্ষক ও অভিভাবকদের নির্দেশনা দেওয়া হয়েছে। ডিএমপি কমিশনারের অনুরোধে এবার সকাল আটটা থেকেই কেন্দ্রগুলো খুলে দেওয়া হয়েছিল যাতে দূর-দূরান্ত থেকে আসা পরীক্ষার্থীরা আগেভাগে কেন্দ্রে প্রবেশ করে অস্থিরতা কাটিয়ে উঠতে পারে। কোনো শিক্ষার্থী সামান্য বিলম্ব করলেও তাদের বিভ্রান্ত না হয়ে ধৈর্য ধরার আহ্বান জানিয়ে মন্ত্রী বলেন, পরীক্ষার্থীদের সর্বাত্মক সহযোগিতা করাই প্রশাসনের মূল লক্ষ্য। কোনো অপ্রীতিকর ঘটনার খবর পেলে দ্রুত কর্তৃপক্ষকে জানানোর জন্য তিনি সকলের প্রতি অনুরোধ করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *