বৃহস্পতিবার, ফেব্রুয়ারি ৫

প্রয়োজনে নির্বাচন বন্ধ করে দিবেন, তারপরও অনৈতিক কাজ করবেন না: ঢাকা বিভাগীয় কমিশনার

|| সেলিম মোল্লা | নিজস্ব প্রতিনিধি (মানিকগঞ্জ) ||

ঢাকা বিভাগীয় কমিশনার শরফ উদ্দিন আহমদ চৌধুরী বলেছেন, “প্রয়োজনে নির্বাচন বন্ধ করে দিবেন, তারপরও অনৈতিক কাজ করবেন না।” তিনি স্পষ্ট করে বলেন, সেনাবাহিনী সবসময় আমাদের সাপোর্ট দিবে। কোনো অনৈতিক কাজ করা যাবে না।

মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) দুপুর দেড়টার দিকে মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলার বালিয়াটি ঈশ্বর চন্দ্র উচ্চ বিদ্যালয়ের হলরুমে ভোটগ্রহণকারী কর্মকর্তাদের প্রশিক্ষণ কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

নির্বাচন নিয়ে কোনো আশঙ্কার অবকাশ নেই উল্লেখ করে শরফ উদ্দিন আহমদ চৌধুরী বলেন, “যারা ভিউ ব্যবসা করেন, তারা সামাজিক যোগাযোগ মাধ্যমে নির্বাচন হবে না বলে গুজব ছড়াচ্ছে। গণভোট এবং ত্রয়োদশ জাতীয় নির্বাচন আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে। ১২ ফেব্রুয়ারিই নির্বাচন অনুষ্ঠিত হবে।”

প্রিজাইডিং অফিসারদের উদ্দেশ্যে তিনি বলেন, “আপনারা কেন্দ্রের প্রধান। নির্বাচনের দিন আপনারা ডিসি, এসপি, ইউএনওসহ কারো অনৈতিক কথা শুনবেন না। সুন্দর ভোট করতে চাইলে পরিবেশ সুন্দর রাখতে হবে। নির্বাচনের জন্য তিন বাহিনীর প্রধান আমাদের আশ্বস্ত করেছেন, তারা আমাদের সহায়তা করবেন।”

নির্বাচনী নিরাপত্তা ব্যবস্থা নিয়ে তিনি আরও জানান, নির্বাচনের দিন সিনিয়র দায়িত্বরত পুলিশ সদস্যদের বডি ক্যামেরা থাকবে এবং কেন্দ্রগুলি সিসি ক্যামেরার আওতায় থাকবে। আনসার সদস্যরাও ‘সুরক্ষা অ্যাপ’ ব্যবহার করবে। কোনো অঘটন ঘটলে ১০ মিনিটের মধ্যে সাপোর্ট টিম পৌঁছে যাবে। কর্মকর্তাদের স্বাধীনভাবে কাজ করার এবং কোনো চাপ না নেওয়ার আহ্বান জানান তিনি।

বিভাগীয় কমিশনার আরও বলেন, “গণভোট থাকায় ভোট গণনায় একটু দেরি হতে পারে। তবে সঠিক পরিকল্পনা করলে ৩-৪ ঘণ্টার মধ্যে গণনা শেষ করা সম্ভব। আগের নির্বাচন সিস্টেম ভুলে যেতে হবে। আমাদের নির্বাচনের যে হারানো গৌরব, তা ফিরিয়ে আনতে কাজ করতে হবে। জুলাই ২০২৪ না আসলে আমরা কথা বলতে পারতাম না। যে সন্তানরা রক্ত দিয়ে গেলেন, তাদের রক্ত কাজে লাগাতে হবে।”

সাটুরিয়া উপজেলা নির্বাহী অফিসার মো. ইকবাল হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন মানিকগঞ্জ জেলা প্রশাসক নাজমুন আরা সুলতানা।

সাটুরিয়া উপজেলা প্রশাসন ও উপজেলা নির্বাচন অফিসের যৌথ উদ্যোগে আয়োজিত এই প্রশিক্ষণ কর্মশালায় আরও উপস্থিত ছিলেন মানিকগঞ্জ পুলিশ সুপার মোহাম্মদ সারওয়ার আলম (বিপিএম), অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোহাম্মদ আলী, জেলা নির্বাচন অফিসার মো. নাজিম উদ্দিন, অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ সারওয়ার আলম (বিপিএম), সেনাবাহিনী প্রতিনিধি মেজর এ এম এস রাফিউল চৌধুরী, সাটুরিয়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মৌমিত গুহ ইভা এবং সাটুরিয়া থানার অফিসার ইনচার্জ মো. নজরুল ইসলামসহ অনেকে।

দিনব্যাপী এই প্রশিক্ষণ কর্মশালায় ৬৩ জন প্রিজাইডিং অফিসার, ৩৩৪ জন সহকারী প্রিজাইডিং অফিসার এবং ৬৬৮ জন পোলিং এজেন্ট অংশগ্রহণ করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *