
|| মোহাম্মদ রাজিবুল হাসান | নিজস্ব প্রতিবেদক ||
প্রধানমন্ত্রী তারেক রহমান আজ বুধবার (১৮ ফেব্রুয়ারি) সাভার জাতীয় স্মৃতিসৌধ ও শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং বেগম খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা নিবেদনসহ দিনভর ব্যস্ত কর্মসূচিতে অংশ নেবেন।
প্রধানমন্ত্রীর কার্যালয় সূত্রে জানা গেছে, সকাল ১০টায় গুলশানের বাসভবন থেকে সাভারের উদ্দেশে রওনা হবেন তিনি। এরপর বেলা ১০টা ৫৫ মিনিটে জাতীয় স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানাবেন।
সাভারের কর্মসূচি শেষে বেলা ১১টা ৩০ মিনিটে ঢাকার উদ্দেশে রওনা হয়ে দুপুর সোয়া ১২টার দিকে প্রধানমন্ত্রী শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং বেগম খালেদা জিয়ার সমাধিতে পুষ্পার্ঘ্য অর্পণ ও জিয়ারত করবেন। এরপর দুপুর ১টায় সচিবালয়ে পৌঁছে মধ্যাহ্নভোজ ও নামাজ আদায় করবেন তিনি।
বিকালে প্রশাসনিক কার্যক্রমে অংশ নিতে বেলা ৩টায় মন্ত্রিসভার বৈঠকে যোগ দেবেন প্রধানমন্ত্রী। এরপর দিনের শেষ কর্মসূচি হিসেবে বিকাল ৪টায় বিভিন্ন মন্ত্রণালয়ের সচিবদের সঙ্গে এক মতবিনিময় সভায় মিলিত হবেন।
প্রধানমন্ত্রীর এসব কর্মসূচি সফলভাবে বাস্তবায়নের লক্ষ্যে সংশ্লিষ্ট দপ্তরগুলোকে এরই মধ্যে প্রয়োজনীয় প্রস্তুতি গ্রহণের নির্দেশনা প্রদান করা হয়েছে।
