
|| স্পোর্টস ডেস্ক ||
চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানের বিপক্ষে দাপুটে জয় দিয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার এইট নিশ্চিত করেছে ভারত। কলম্বোর আর প্রেমাদাসা স্টেডিয়ামে অনুষ্ঠিত হাইভোল্টেজ ম্যাচে পাকিস্তান দলকে ৬১ রানের বিশাল ব্যবধানে পরাজিত করেছে সূর্যকুমার যাদবের দল। ইশান কিষাণের বিধ্বংসী ফিফটি এবং বোলারদের সম্মিলিত সাফল্যে গ্রুপ পর্বের এই গুরুত্বপূর্ণ ম্যাচে দাপট বজায় রেখে মাঠ ছাড়ে টিম ইন্ডিয়া।
রবিবার (১৫ ফেব্রুয়ারি) টস জিতে ভারতকে ব্যাটিংয়ে পাঠিয়েছিলেন পাকিস্তানের অধিনায়ক সালমান আলী আগা। শুরুতে অভিষেক শর্মাকে শূন্য রানে ফিরিয়ে পাকিস্তান সাফল্য পেলেও, সেই চাপ বেশিক্ষণ ধরে রাখতে পারেনি তারা। দ্বিতীয় উইকেটে তিলক বর্মাকে সঙ্গে নিয়ে পাল্টা আক্রমণ শুরু করেন ইশান কিষাণ। মাত্র ৪০ বলে ১০টি চার ও ৩টি ছক্কায় ৭৭ রানের এক বিধ্বংসী ইনিংস খেলেন তিনি। দ্বিতীয় উইকেটে এই জুটি স্কোরবোর্ডে যোগ করে মূল্যবান ৮৭ রান। পরবর্তীতে অধিনায়ক সূর্যকুমার যাদবের ৩২ ও শিবম দুবের ২৭ রানের ওপর ভর করে নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেট হারিয়ে ১৭৫ রানের চ্যালেঞ্জিং সংগ্রহ দাঁড় করায় ভারত। পাকিস্তানের পক্ষে সাইম আইয়ুব ২৫ রানে ৩টি উইকেট নেন।
১৭৬ রানের লক্ষ্য তাড়া করতে নেমে ভারতীয় পেস আক্রমণের মুখে তাসের ঘরের মতো ভেঙে পড়ে পাকিস্তানের টপ অর্ডার। দলীয় মাত্র ১৩ রানের মধ্যেই সাজঘরে ফেরেন সাহিবজাদা ফারহান, সাইম আইয়ুব ও অধিনায়ক সালমান আলী আগা। জাসপ্রিত বুমরাহ ও হার্দিক পান্ডিয়ার আগুনে বোলিংয়ে শুরুতেই ম্যাচ থেকে ছিটকে যায় পাকিস্তান। চতুর্থ উইকেটে বাবর আজম ও উসমান খান কিছুটা প্রতিরোধের চেষ্টা করলেও অক্ষর প্যাটেলের ঘূর্ণিতে বাবর ৫ রানে বোল্ড হলে সেই চেষ্টাও ব্যর্থ হয়।
দলের পক্ষে সর্বোচ্চ ৪৪ রান করেন উসমান খান। এছাড়া শাদাব খানের ১৪ ও ফাহিম আশরাফের ১০ রান কেবল পরাজয়ের ব্যবধানই কমিয়েছে। ভারতীয় বোলারদের নিয়ন্ত্রিত বোলিংয়ে ১৮ ওভারে মাত্র ১১৪ রানেই গুটিয়ে যায় পাকিস্তানের ইনিংস। ভারতের হয়ে জাসপ্রিত বুমরাহ, অক্ষর প্যাটেল, হার্দিক পান্ডিয়া ও বরুণ চক্রবর্তী প্রত্যেকেই দুটি করে উইকেট শিকার করেন। এই জয়ের ফলে কোনো সমীকরণ ছাড়াই টুর্নামেন্টের পরবর্তী রাউন্ড অর্থাৎ সুপার এইট নিশ্চিত করল ভারত।
