
|| নিজস্ব প্রতিবেদক ||
ইসলামী ঐক্য আন্দোলন পঞ্চগড় জেলা শাখার উদ্যোগে ‘মাহে রমজানের তাৎপর্য’ শীর্ষক আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) বিকেল ৪টায় জেলা শহরের অস্থায়ী কার্যালয়ে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের জেলা আমীর মাওলানা আব্দুল কাদের। সভাপতির বক্তব্যে তিনি বলেন, পবিত্র রমজান মাস আত্মশুদ্ধি ও ত্যাগের মাস। ইসলামের আদর্শ ও রমজানের শিক্ষা ব্যক্তি ও সমাজ জীবনে প্রতিফলন ঘটাতে পারলেই প্রকৃত মুক্তি সম্ভব। একটি পূর্ণাঙ্গ ইসলামী বিপ্লব ছাড়া জাতির মুক্তি নেই—মরহুম মাওলানা মুহাম্মদ আবদুর রহীম (রহ.)-এর এই কালজয়ী উদ্ধৃতি স্মরণ করে তিনি সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।
আলোচনা সভায় আরও বক্তব্য রাখেন জেলা সাধারণ সম্পাদক মাওলানা আব্দুল সালাম আইয়ুবী, যুগ্ম সাধারণ সম্পাদক মাওলানা রেজাউল ইসলাম এবং সাংগঠনিক সম্পাদক মাওলানা আসআদুল্লাহিল গালিব।
এছাড়াও উপস্থিত ছিলেন মাওলানা সাইদুল আলম ও মাওলানা মুহাম্মদ ইসমাইল হোসেনসহ সংগঠনের স্থানীয় নেতৃবৃন্দ।
বক্তারা রমজানের গুরুত্ব ও তাৎপর্য নিয়ে বিস্তারিত আলোচনা করেন এবং ইসলামের সুমহান আদর্শে সমাজ গড়ার ওপর গুরুত্বারোপ করেন। আলোচনা শেষে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি ও সমৃদ্ধি কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। মোনাজাত শেষে উপস্থিত সকলে সারিবদ্ধভাবে বসে ইফতার গ্রহণ করেন।
