
|| নিজস্ব প্রতিবেদক ||
আওয়ামী লীগের যাবতীয় রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ করতে অন্তর্বর্তী সরকারের জারি করা ‘সন্ত্রাসবিরোধী (সংশোধন) বিল-২০২৬’ জাতীয় সংসদে পাস হয়েছে। এর ফলে দলটির ওপর আগে থেকে থাকা নিষেধাজ্ঞার সিদ্ধান্তটি এখন পূর্ণাঙ্গ আইনগত ভিত্তি লাভ করল। বুধবার (৮ এপ্রিল) দুপুরে স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রমের সভাপতিত্বে অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনে বিলটি কণ্ঠভোটে সর্বসম্মতভাবে পাস হয়।
এর আগে অধ্যাদেশের মাধ্যমে সন্ত্রাসবিরোধী আইনে প্রয়োজনীয় সংশোধনী এনে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আওয়ামী লীগ ও এর নেতাদের বিচার সম্পন্ন না হওয়া পর্যন্ত দলটির সকল কর্মকাণ্ড নিষিদ্ধের সিদ্ধান্ত নিয়েছিল অন্তর্বর্তী সরকার। আজ সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বিলটি উত্থাপন করলে তা কোনো পরিবর্তন ছাড়াই পাস হয়।
স্বরাষ্ট্রমন্ত্রী সংসদে জানান, সাম্প্রতিক পরিস্থিতি ও জনমতের প্রতি শ্রদ্ধা রেখে গণহত্যার সঙ্গে সংশ্লিষ্ট সংগঠনের কার্যক্রম নিষিদ্ধের এই বিধান রাখা হয়েছে।
পাস হওয়া বিলের বিধান অনুযায়ী, কোনো ব্যক্তি বা সত্তা সন্ত্রাসী কাজে জড়িত থাকলে সরকার প্রজ্ঞাপনের মাধ্যমে তাদের নিষিদ্ধ ঘোষণা ও তালিকায় অন্তর্ভুক্ত করতে পারবে। নিষিদ্ধ থাকা অবস্থায় সংশ্লিষ্ট দল বা সত্তার পক্ষে কোনো ধরনের প্রেস বিবৃতি প্রকাশ, মুদ্রণ, গণমাধ্যম বা সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচারণা চালানো যাবে না। এছাড়া কোনো ধরনের মিছিল, সভা-সমাবেশ, সংবাদ সম্মেলন আয়োজন কিংবা জনসমক্ষে বক্তৃতা প্রদানও কঠোরভাবে নিষিদ্ধ করা হয়েছে। মূলত বিগত সরকারের আমলের বিতর্কিত কর্মকাণ্ড ও চলমান বিচারিক প্রক্রিয়ার অংশ হিসেবেই এই আইনি পদক্ষেপ নেওয়া হয়েছে বলে জানানো হয়।
