
|| নিজস্ব প্রতিবেদক ||
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নির্বাচনী আচরণবিধি প্রতিপালন নিশ্চিত করতে বিসিএস (প্রশাসন) ক্যাডারের ৩২ জন কর্মকর্তাকে নির্বাহী ম্যাজিস্ট্রেট হিসেবে ৮ বিভাগে পদায়ন করা হয়েছে। সম্প্রতি জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রেষণ-২ শাখা থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এই তথ্য জানানো হয়।
প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে, ‘দ্যা কোড অফ ক্রিমিনাল প্রসিডিউর ১৮৯৮’ এর সংশ্লিষ্ট ধারা অনুযায়ী এই কর্মকর্তাদের নিয়োগ দেওয়া হয়েছে এবং ‘মোবাইল কোর্ট আইন, ২০০৯’ মোতাবেক তাদের নির্দিষ্ট অধিক্ষেত্রে ভ্রাম্যমাণ আদালত পরিচালনার ক্ষমতা অর্পণ করা হয়েছে।
পদায়নকৃত কর্মকর্তাদের মধ্যে ঢাকা বিভাগে সর্বোচ্চ ৭ জন, চট্টগ্রামে ৫ জন, খুলনা, রাজশাহী ও ময়মনসিংহে ৪ জন করে, বরিশাল ও রংপুরে ৩ জন করে এবং সিলেট বিভাগে ২ জনকে দায়িত্ব দেওয়া হয়েছে।
মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী, ক্ষমতাপ্রাপ্ত এই নির্বাহী ম্যাজিস্ট্রেটগণ ভোটগ্রহণের দুই দিন পর পর্যন্ত স্ব-স্ব এলাকায় দায়িত্ব পালন করবেন। সংশ্লিষ্ট বিভাগীয় কমিশনারগণ তাদের আওতাভুক্ত এলাকার চাহিদার ভিত্তিতে এই ম্যাজিস্ট্রেটদের পদায়ন করবেন এবং নিয়োগপ্রাপ্ত কর্মকর্তাদের সংশ্লিষ্ট জেলা ম্যাজিস্ট্রেট বা রিটার্নিং অফিসারের নিকট যোগদান করতে বলা হয়েছে।
দায়িত্ব পালনকালে ম্যাজিস্ট্রেটগণ মোবাইল কোর্ট পরিচালনার বিষয়ে জেলা ম্যাজিস্ট্রেটকে সার্বক্ষণিক অবহিত রাখবেন এবং নির্ধারিত ছক অনুযায়ী প্রতিদিনের কার্যক্রমের তথ্য রিটার্নিং অফিসার ও জেলা ম্যাজিস্ট্রেটের নিকট প্রেরণ করবেন। সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠানের লক্ষ্যে মাঠ পর্যায়ে আচরণবিধি লঙ্ঘন রোধে তারা এই বিশেষ দায়িত্ব পালন করবেন।
