
|| রোকনুজ্জামান রাজু | জামালপুর প্রতিনিধি ||
বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের (এনটিআরসিএ) ১ থেকে ১২তম শিক্ষক নিবন্ধন পরীক্ষায় উত্তীর্ণ হয়েও দীর্ঘদিন ধরে নিয়োগ বঞ্চিত প্রার্থীরা তাদের দাবির স্বপক্ষে পুনরায় সোচ্চার হয়েছেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে ১-১২তম শিক্ষক নিবন্ধন নিয়োগ প্রত্যাশী পরিষদের ব্যানারে আন্দোলনকারীরা তাদের অধিকার আদায়ের লড়াই অব্যাহত রেখেছেন।
নিয়োগ বঞ্চিত সনদধারীরা মাননীয় প্রধানমন্ত্রীর অতীতের দেওয়া প্রতিশ্রুতি বাস্তবায়নের জোর দাবি জানিয়েছেন। ‘NTRCA (১-১২তম) শিক্ষক নিবন্ধন নিয়োগ প্রত্যাশী পরিষদ’ নামক ফেসবুক গ্রুপে চাকরিপ্রার্থীরা গভীর ক্ষোভ ও হতাশা প্রকাশ করে লিখছেন, “আহ! মানবতা, এ মজলুমদের ক্ষেত্রেই কেন তোমার এমন নীরবতা?” তারা অবিলম্বে তাদের প্যানেল ভিত্তিক নিয়োগের মাধ্যমে এই দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটানোর জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছেন।
আন্দোলনকারীদের একাংশের মতে, মাননীয় প্রধানমন্ত্রীর সদয় হস্তক্ষেপ এবং পূর্ববর্তী আশ্বাসের বাস্তবায়নই কেবল তাদের এই মানবেতর জীবন থেকে মুক্তি দিতে পারে। দিন দিন এই আন্দোলন ডিজিটাল প্ল্যাটফর্ম থেকে শুরু করে মাঠ পর্যায়ে আরও বেগবান হচ্ছে।
