
|| রফিকুল ইসলাম | নাগেশ্বরী (কুড়িগ্রাম) প্রতিনিধি ||
শরতের স্নিগ্ধ আবহে হাজারো শ্বেতপদ্মের সৌন্দর্যে অপরূপ রূপ ধারণ করেছে কুড়িগ্রামের নাগেশ্বরীর কেশরিয়া বিল। সাদা পদ্মে ছেয়ে গেছে বিলের বিস্তীর্ণ জলরাশি। প্রকৃতির এমন মনোমুগ্ধকর দৃশ্য দেখতে প্রতিদিন সকাল-বিকেলে ভিড় করছেন নানা বয়সী মানুষ।
উপজেলার ভিতরবন্দ ইউনিয়নের ডাকনিরপাট বাজারের কোলঘেঁষে অবস্থিত কেশরিয়া বিলটি কয়েক বছর ধরে প্রাকৃতিকভাবে জন্মানো শ্বেতপদ্মের জন্য স্থানীয়দের কাছে পরিচিত হয়ে উঠেছে। গ্রীষ্মের শেষভাগ থেকে শরৎকাল পর্যন্ত বিলে ফুটে থাকে এসব বহুবর্ষজীবী জলজ উদ্ভিদের ফুল। এবারও বিলজুড়ে ফুটেছে হাজার হাজার শ্বেতপদ্ম।
সরেজমিনে এক বিকেলে কেশরিয়া বিলে গিয়ে দেখা যায়, শান্ত জলের বুকে সারি সারি শ্বেতপদ্ম ফুটে আছে। দূর থেকে মনে হয়, সাদা ফুলের চাদরে ঢেকে গেছে পুরো বিল। চারপাশের সবুজ প্রকৃতি আর স্বচ্ছ জলের সঙ্গে শ্বেতপদ্মের এই মেলবন্ধন যেন বাংলার চিরচেনা প্রকৃতির এক অপরূপ ক্যানভাস।
ভোরের আলোয় বিলের সৌন্দর্য আরও আকর্ষণীয় হয়ে ওঠে। হালকা বাতাসে যখন হাজারো পদ্মফুল একসঙ্গে দুলতে থাকে, তখন তৈরি হয় এক মায়াবী পরিবেশ। ফুলের সুবাস, জলের মৃদু ঢেউ আর নীরব-শান্ত প্রকৃতি মনকে প্রশান্ত করে তোলে।
স্থানীয়দের পাশাপাশি দূর-দূরান্ত থেকেও প্রকৃতিপ্রেমীরা আসছেন কেশরিয়া বিলের শ্বেতপদ্ম দেখতে। অনেকেই মোবাইল ফোনে ধারণ করছেন বিলের অপরূপ দৃশ্য। কেউ কেউ পরিবার-পরিজন নিয়ে সময় কাটাচ্ছেন প্রকৃতির এই নৈসর্গিক সৌন্দর্যের মাঝে।
প্রকৃতির এই অপার সৌন্দর্য কেশরিয়া বিলকে শরৎকালে এক আকর্ষণীয় দর্শনীয় স্থানে পরিণত করেছে। যথাযথ সংরক্ষণ ও প্রচারের মাধ্যমে বিলটির প্রাকৃতিক সৌন্দর্যকে আরও মানুষের সামনে তুলে ধরা সম্ভব বলে মনে করছেন স্থানীয়রা।
