Saturday, October 10

নাগেশ্বরীতে দুর্গাপূজা শান্তিপূর্ণভাবে উদযাপনের লক্ষ্যে প্রস্তুতিমূলক সভা

|| রফিকুল ইসলাম | নাগেশ্বরী (কুড়িগ্রাম) প্রতিনিধি ||

কুড়িগ্রামের নাগেশ্বরীতে শারদীয় দুর্গাপূজা সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে উদযাপনের লক্ষ্যে এক প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৮ অক্টোবর) সকালে নাগেশ্বরী উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ হলরুমে এই সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোহাম্মদ আলাউদ্দিনের সভাপতিত্বে সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) শ্রীজীব কুন্ডু, ওসি (তদন্ত), উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা (আরডিও) মোস্তফা এবং উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোখলেছুর রহমানসহ প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা।

সভায় বক্তব্য ও মতামত প্রদান করেন উপজেলা বিএনপির আহ্বায়ক সহকারী অধ্যাপক গোলাম রসুল রাজা, সদস্য সচিব আলহাজ্ব মোকলেছুর রহমান, উপজেলা জামায়াতের আমীর আব্দুল মান্নান, বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্ট উপজেলা শাখার আহ্বায়ক মধুসূদন রায়, সদস্য সচিব শ্রী সুমন চন্দ্র কর্মকার, বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্ট উপজেলা শাখার সদস্য সচিব বিজয় কুমার, পতিত পবন রায় ও প্রদীপ রায় প্রমুখ।

সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আলাউদ্দিন জানান, চলতি বছর উপজেলায় মোট ৮৭টি মণ্ডপে দুর্গাপূজা অনুষ্ঠিত হবে। পূজা উদযাপনে প্রতিটি পূজা মণ্ডপে ৬০০ কেজি করে চাল বরাদ্দ দেওয়া হয়েছে, যা গত বছর ছিল ৫০০ কেজি।

তিনি আরও জানান, শান্তিপূর্ণ পরিবেশে পূজা সম্পন্ন করতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী মাঠে সক্রিয় থাকবে। পাশাপাশি ট্যাগ অফিসারের মাধ্যমে মণ্ডপগুলো পর্যবেক্ষণ এবং সার্বিক পরিস্থিতি নজরদারিতে বিশেষ মনিটরিং সেল গঠন করা হবে। এছাড়া প্রতিটি মণ্ডপে আইপি ও সিসি ক্যামেরা, প্রয়োজনীয় অগ্নিনির্বাপক যন্ত্র এবং নিজস্ব স্বেচ্ছাসেবক নিশ্চিত করার আহ্বান জানানো হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *