
|| রফিকুল ইসলাম | নাগেশ্বরী (কুড়িগ্রাম) প্রতিনিধি ||
গ্রাম বাংলার ঐতিহ্যবাহী নৌকা বাইচ প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার নুন খাওয়া ইউনিয়নে। ‘শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান নৌকা বাইচ প্রতিযোগিতা’ নামে তিন দিনব্যাপী এ আয়োজনের শুভ উদ্বোধন করা হয়।
সোমবার (৫ অক্টোবর) বিকেলে উপজেলার নুনখাওয়া ইউনিয়নের ব্রহ্মপুত্র নদের তীরে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রতিযোগিতার উদ্বোধন করেন কুড়িগ্রাম জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির সদস্য সচিব আলহাজ্ব সোহেল হোসাইন কায়কোবাদ। উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন নাগেশ্বরী উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আলাউদ্দিন।

অনুষ্ঠানে বক্তব্য রাখেন নাগেশ্বরী উপজেলা বিএনপির আহ্বায়ক সহকারী অধ্যাপক গোলাম রসুল রাজা, নাগেশ্বরী থানার অফিসার ইনচার্জ (ওসি) এনামুল হক প্রধান, উপজেলা বিএনপির সদস্য সচিব আলহাজ্ব মোকলেছুর রহমান, সিনিয়র যুগ্ম আহ্বায়ক ও ভিতরবন্দ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শফিউল আলম শফি, হাসনাবাদ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব সাইদুর রহমান, নারায়ণপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গোলাম মোস্তফাসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।
উদ্বোধনী অনুষ্ঠানে অতিথিদের নৌকায় তুলে নৌকা বাইচের মাধ্যমে প্রতিযোগিতার আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।
আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, তিন দিনব্যাপী এ নৌকা বাইচ প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। ঐতিহ্যবাহী এ আয়োজন দেখতে নদীর দুই পাড়ে লক্ষাধিক দর্শনার্থীর সমাগম ঘটে। নৌকা বাইচ প্রতিযোগিতার সার্বিক ব্যবস্থাপনায় রয়েছেন নুনখাওয়া ইউনিয়ন বিএনপির আহ্বায়ক ও চেয়ারম্যান প্রার্থী তাজুল ইসলাম।
