
|| রফিকুল ইসলাম | নাগেশ্বরী (কুড়িগ্রাম) প্রতিনিধি ||
কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলা সমাজসেবা কার্যালয়ের উদ্যোগে ফ্যামিলি কার্ড কার্যক্রমের দেশব্যাপী তথ্য সংগ্রহ বিষয়ক এক প্রেস কনফারেন্স অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১২ অক্টোবর) বিকেলে নাগেশ্বরী উপজেলা পরিষদ হলরুমে এই প্রেস কনফারেন্স অনুষ্ঠিত হয়।
প্রেস কনফারেন্সে মাল্টিমিডিয়া প্রজেক্টেরের মাধ্যমে অবহিত করেন। এছাড়াও লিখিত বক্তব্য পাঠ করেন নাগেশ্বরী উপজেলা সমাজসেবা অফিসার জামাল হোসেন। তিনি জানান, সমাজকল্যাণ মন্ত্রণালয়ের অধীন সমাজসেবা অধিদপ্তরের পক্ষ থেকে ‘স্বাবলম্বী পরিবার গড়ার প্রতিশ্রুতি’ নিয়ে এই ফ্যামিলি কার্ড কার্যক্রম চালু করা হয়েছে। এর মাধ্যমে দেশের অসচ্ছল পরিবারগুলোর একটি নির্দিষ্ট তালিকা তৈরি করে তাদের তথ্য একীভূত করা হবে।
এই তথ্য-সংগ্রহের ভিত্তিতে প্রকৃত দুস্থ পরিবারগুলোকে বিভিন্ন ধরণের সামাজিক নিরাপত্তা বেষ্টনী কর্মসূচীর আওতায় সুযোগ-সুবিধা প্রদান এবং প্রয়োজনে নতুন সহায়তা কর্মসূচী প্রণয়ন করা যাবে।
তিনি আরও জানান, ফ্যামিলি কার্ডে নির্দিষ্ট কিছু ক্যাটাগরি রয়েছে যার ভিত্তিতে তথ্য সংগ্রহ করা হবে। এই কার্ডের মাধ্যমে সরকারের সঠিক সহায়তা প্রকৃত প্রাপকের কাছে পৌঁছানো নিশ্চিত করা সম্ভব হবে।
প্রেস কনফারেন্সে উপস্থিত গণমাধ্যম কর্মীদের ফ্যামিলি কার্ড কার্যক্রমের বিষয়ে জনগণকে অবগত করার জন্য প্রয়োজনীয় সহযোগিতা কামনা করেন তিনি। অনুষ্ঠানে নাগেশ্বরী উপজেলার বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।
