Monday, October 5

নাগেশ্বরীতে নজরুল বর্ষ উপলক্ষে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান

|| রফিকুল ইসলাম | নাগেশ্বরী (কুড়িগ্রাম) প্রতিনিধি ||

কুড়িগ্রামের নাগেশ্বরীতে ‘নজরুল বর্ষ-২০২৬’ উদযাপন উপলক্ষে আলোচনা সভা, পুরস্কার বিতরণী ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। গতকাল রবিবার (৪ অক্টোবর) বিকেলে নাগেশ্বরী উপজেলা পরিষদ হলরুমে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের সহযোগিতায় ও উপজেলা প্রশাসনের আয়োজনে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

নাগেশ্বরী উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ আলাউদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুড়িগ্রাম-১ (২৫) আসনের জাতীয় সংসদ সদস্য মো. আনোয়ারুল ইসলাম।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নাগেশ্বরী উপজেলা বিএনপির আহ্বায়ক সহকারী অধ্যাপক গোলাম রসুল রাজা, উপজেলা জামায়াতের আমীর আব্দুল মান্নান, সহকারী কমিশনার (ভূমি) এবং উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার। এ ছাড়া অনুষ্ঠানে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানের শুরুতে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের জীবন ও কর্মের ওপর এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনায় বক্তারা বলেন, কাজী নজরুল ইসলাম ছিলেন সাম্য, মানবতা ও বিদ্রোহের কবি। তাঁর লেখনীতে অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ ও অসাম্প্রদায়িক চেতনার প্রতিফলন ঘটেছে। নজরুলের আদর্শ নতুন প্রজন্মের মাঝে ছড়িয়ে দিতে এ ধরনের আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

আলোচনা সভা শেষে নজরুল বর্ষ উপলক্ষে আয়োজিত রচনা, আবৃত্তি ও সংগীত প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করেন প্রধান অতিথি। পরবর্তীতে উপজেলা প্রশাসনের কর্মকর্তা পরিচালিত এক আকর্ষণীয় সাংস্কৃতিক পরিবেশনার মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *