
|| আলোকিত দৈনিক ডেস্ক ||
ত্রয়োদশ জাতীয় সংসদের নবনির্বাচিত স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ (বীর বিক্রম) ও ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল শপথ গ্রহণ করেছেন। আজ বৃহস্পতিবার (১২ মার্চ) দুপুরে জাতীয় সংসদে রাষ্ট্রপতির কার্যালয়ে তাঁদের এই শপথ বাক্য পাঠ করান রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন।

এর আগে বেলা ১১টার পর ড. খন্দকার মোশাররফ হোসেনের সভাপতিত্বে সংসদের প্রথম অধিবেশন শুরু হয় এবং নিয়ম অনুযায়ী কণ্ঠভোটের মাধ্যমে তাঁরা নির্বাচিত হন।
সংসদীয় কার্যক্রমের শুরুতে স্পিকার পদে মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদের নাম প্রস্তাব করেন বরগুনা-২ আসনের সংসদ সদস্য নুরুল ইসলাম এবং তা সমর্থন করেন খুলনা-৩ আসনের সংসদ সদস্য রকিবুল ইসলাম। কোনো প্রতিদ্বন্দ্বী না থাকায় কণ্ঠভোটের মাধ্যমে তিনি স্পিকার হিসেবে চূড়ান্তভাবে নির্বাচিত হন।
অন্যদিকে, ডেপুটি স্পিকার হিসেবে নেত্রকোনা-১ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার কায়সার কামালের নাম প্রস্তাব করেন নাটোর সদর আসনের সংসদ সদস্য রুহুল কুদ্দুস তালুকদার দুলু, যা সমর্থন করেন লক্ষ্মীপুর-৪ আসনের সংসদ সদস্য এ বি এম আশরাফ উদ্দিন মিজান। তিনিও বিনা প্রতিদ্বন্দ্বিতায় ডেপুটি স্পিকার নির্বাচিত হন।
শপথ গ্রহণ অনুষ্ঠানের মধ্য দিয়ে ত্রয়োদশ সংসদের অভিভাবক হিসেবে নতুন এই দুই কাণ্ডারি তাঁদের দায়িত্বভার বুঝে নিলেন। রাষ্ট্রপতির কাছে শপথ নেওয়ার পর তাঁরা সংসদীয় রীতি অনুযায়ী স্ব-স্ব আসনে আসীন হন। দেশের গণতান্ত্রিক অগ্রযাত্রায় এই দুই অভিজ্ঞ ও মেধাবী ব্যক্তিত্বের নেতৃত্ব সংসদকে আরও কার্যকর ও ফলপ্রসূ করবে বলে আশা প্রকাশ করছেন সংশ্লিষ্টরা।
