
|| আলোকিত দৈনিক ডেস্ক ||
নবনির্বাচিত সরকার শপথ গ্রহণ করার পরপরই সেনাবাহিনী ব্যারাকে ফিরে যাবে বলে জানিয়েছেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান। তবে পুলিশ বাহিনী পুরোপুরিভাবে আইনশৃঙ্খলা পরিস্থিতির নিয়ন্ত্রণ না নেওয়া পর্যন্ত সহায়তামূলক ভূমিকা পালনের জন্য সেনাবাহিনীর একটি অংশ মাঠে মোতায়েন থাকবে বলে তিনি স্পষ্ট করেছেন।
গতকাল রবিবার (১৫ ফেব্রুয়ারি) বেলা ১১টায় আয়োজিত ‘সিএএস দরবার’-এ সেনাবাহিনীর সব পদমর্যাদার সদস্যদের উদ্দেশে দেওয়া বক্তব্যে তিনি এসব কথা বলেন। প্রায় ১৫ মিনিটের এই বিশেষ অনুষ্ঠানে দেশে কর্মরত সেনাসদস্যদের পাশাপাশি জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে নিয়োজিত সদস্যরাও ভার্চুয়ালি যুক্ত ছিলেন।
নির্বাচনকালীন দায়িত্ব পালনের সময় সেনাসদস্যদের অসামান্য পেশাদারত্ব, শৃঙ্খলা ও দায়িত্বশীলতার প্রশংসা করে সেনাপ্রধান বলেন, দেশের এক কঠিন ও সংবেদনশীল সময়ে সেনাবাহিনী যে দক্ষতার পরিচয় দিয়েছে, তাতে সাধারণ মানুষের আস্থা আরও সুদৃঢ় হয়েছে। অস্থিতিশীল রাজনৈতিক পরিবেশকে স্থিতিশীল রাখতে সেনাবাহিনীর এই গুরুত্বপূর্ণ ভূমিকা দেশ ও জাতি দীর্ঘকাল স্মরণ রাখবে বলেও তিনি মন্তব্য করেন।
বক্তব্যে জেনারেল ওয়াকার-উজ-জামান পুনর্ব্যক্ত করেন যে, বাংলাদেশ সেনাবাহিনী সর্বদা সংবিধান ও বেসামরিক প্রশাসনের প্রতি পূর্ণ শ্রদ্ধা রেখে তাদের দায়িত্ব পালন করে আসছে। বক্তব্যের একপর্যায়ে পবিত্র কোরআনের আয়াত উদ্ধৃত করে তিনি সকল সেনাসদস্যকে ধৈর্য, সংযম ও সর্বোচ্চ পেশাদারত্ব বজায় রেখে দেশসেবায় নিয়োজিত থাকার আহ্বান জানান।
