
|| স্পোর্টস ডেস্ক ||
দেশজুড়ে কিশোর-কিশোরীদের প্রতিভা অন্বেষণ কর্মসূচি ‘নতুন কুঁড়ি স্পোর্টস ২০২৫-২৬’-এর সমাপনী অনুষ্ঠানে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
সোমবার (২৭ জুলাই) বিকেল ৪টায় রাজধানীর আর্মি স্টেডিয়ামে আয়োজিত এ প্রতিযোগিতার সমাপনী অনুষ্ঠানে সরকারপ্রধান উপস্থিত হন। এ সময় স্টেডিয়ামের গ্যালারিতে থাকা হাজার হাজার শিশু-কিশোর করতালি দিয়ে তাঁকে উষ্ণ অভ্যর্থনা জানায়।
সমাপনী দিনে ফুটবল ইভেন্টের বালক ও বালিকা বিভাগের দুটি ফাইনাল এবং ১০০ মিটার স্প্রিন্টের বালক-বালিকা বিভাগের প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। বালকদের ফুটবল ফাইনালে ময়মনসিংহ অঞ্চলকে ২-০ গোলে হারিয়ে সিলেট অঞ্চল বিজয়ী হয়েছে। এরপরই বালিকাদের বিভাগে রাজশাহী ও রংপুর অঞ্চলের মধ্যকার ফাইনাল অনুষ্ঠিত হয়।
এর আগে প্রধানমন্ত্রী মাঠে প্রবেশ করে খেলোয়াড়দের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন এবং গ্যালারির দিকে হাত নেড়ে শিশু-কিশোরদের অভিনন্দন জানান। পরবর্তীতে তিনি মাঠের পাশে আসন গ্রহণ করে খেলা উপভোগ করেন।
এ সময় প্রধানমন্ত্রীর সঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ, ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক, অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী, সমাজকল্যাণ এবং মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রী এজেডএম জাহিদ হোসেন, সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান এবং বিমানবাহিনী প্রধান এয়ার মার্শাল হাসান মাহমুদ খান উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, তৃণমূল পর্যায়ের ১২ থেকে ১৪ বছর বয়সি কিশোর-কিশোরীদের খেলাধুলায় উৎসাহিত করতে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের তত্ত্বাবধানে গত ২ মে সিলেট জেলা স্টেডিয়ামে এই প্রতিযোগিতার উদ্বোধন করেছিলেন প্রধানমন্ত্রী।
আয়োজকরা জানান, ফুটবল, ক্রিকেট, কাবাডি, অ্যাথলেটিক্স, ব্যাডমিন্টন, দাবা, সাঁতার ও মার্শাল আর্টসহ মোট ৮টি ডিসিপ্লিনে আঞ্চলিক পর্বে সারা দেশের জেলা ও উপজেলা পর্যায়ের প্রায় ১ লাখ ৭০ হাজার ক্ষুদে ক্রীড়াবিদ অংশ নেয়। চূড়ান্ত পর্বে বিজয়ীদের হাতে ট্রফি ও পুরস্কার তুলে দেওয়ার মাধ্যমে উৎসবমুখর এ প্রতিযোগিতার সমাপ্তি ঘটে।
