
|| সংস্কৃতি প্রতিবেদক ||
নজরুল সংগীতে বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ সম্মাননা পেলেন বিশিষ্ট সংগীতশিল্পী মাহমুদুল হাসান। শনিবার (২৭ জুন) বিকেল ৪টায় খুলনা জেলা শিল্পকলা একাডেমিতে আয়োজিত এক বর্ণাঢ্য অনুষ্ঠানে তাঁকে এই সম্মাননা প্রদান করা হয়।
জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৭তম জয়ন্তী এবং তাঁর কালজয়ী ‘কাণ্ডারী হুঁশিয়ার’ কবিতার একশত বছর পূর্তি উপলক্ষে এই আলোচনা সভা ও সংগীতানুষ্ঠানের আয়োজন করে জাতীয় রবীন্দ্রসঙ্গীত সম্মিলন পরিষদের খুলনা জেলা শাখা। অনুষ্ঠানে মাহমুদুল হাসানের পাশাপাশি একুশে পদকপ্রাপ্ত প্রখ্যাত নজরুল সংগীতশিল্পী খায়রুল আনাম শাকিলকেও সম্মাননা প্রদান করা হয়।
জাতীয় রবীন্দ্রসংগীত সম্মিলন পরিষদ খুলনা জেলা শাখার সভাপতি অধ্যাপক সাধন ঘোষের সভাপতিত্বে অনুষ্ঠিত এই সভায় বক্তব্য রাখেন খুলনা বি এল কলেজের প্রাক্তন অধ্যক্ষ অধ্যাপক শরীফ আতিকুজ্জামান, শিল্পী খায়রুল আনাম শাকিল এবং সম্মাননাপ্রাপ্ত শিল্পী মাহমুদুল হাসান।
আলোচনা পর্ব শেষে আয়োজিত সাংস্কৃতিক অনুষ্ঠানে সংগীত পরিবেশন করেন মাহমুদুল হাসান, খায়রুল আনাম শাকিল এবং স্থানীয় শিল্পীবৃন্দ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন পরিষদের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মিনা মিজানুর রহমান।
