Monday, August 31

নওগাঁয় ৪২ কেজি গাঁজাসহ মাদক ডিলার গ্রেপ্তার

|| সারোয়ার হোসেন অপু | জেলা প্রতিনিধি (নওগাঁ) ||

নওগাঁয় গোয়েন্দা পুলিশের (ডিবি) মাদকবিরোধী অভিযানে সাড়ে ৪২ কেজি গাঁজাসহ মাহমুদুল হাসান রুবেল (৩৭) নামের এক মাদক ডিলারকে গ্রেপ্তার করা হয়েছে। আজ সোমবার (৩১ আগস্ট) গভীর রাতে নওগাঁ সদর থানার ফতেহপুর মুন্সিপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়।

পুলিশ সূত্রের তথ্য অনুযায়ী, জেলা পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলামের নির্দেশে ডিবি পুলিশের একটি চৌকস দল গোপন সংবাদের ভিত্তিতে রাত ৩টা ৩০ মিনিটের দিকে ফতেহপুর মুন্সিপাড়া গ্রামে অভিযান চালায়। স্থানীয় লোকজনের উপস্থিতিতে আসামি মাহমুদুল হাসানের নিজ বাড়িতে তল্লাশি চালানো হয়। তল্লাশিকালে তাঁর শয়নকক্ষে থাকা টিনের একটি বড় বাক্স থেকে ১১টি পোটলায় সংরক্ষিত মোট ৪২ কেজি ৫০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।

প্রাথমিক অনুসন্ধানে জানা গেছে, গ্রেপ্তারকৃত ব্যক্তি অন্য এক সহযোগীর যোগসাজশে এলাকায় গাঁজার প্রধান ডিলার হিসেবে মাদক কারবার পরিচালনা করছিলেন। দীর্ঘ দুই মাসের প্রচেষ্টায় ডিলারকে গ্রেপ্তার করতে সক্ষম হয় পুলিশ।

এ ঘটনায় নওগাঁ সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। জেলা পুলিশ জানিয়েছে, ঘটনায় জড়িত অপর সহযোগীকে গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে এবং মাদক প্রতিরোধে জেলা পুলিশের এমন তৎপরতা ভবিষ্যতেও কঠোরভাবে জারি থাকবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *